ঢাকা অফিস।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর মাত্র আঠারো ঘণ্টার ব্যবধানে আরেকটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ আরো তিনজনের মৃত্যু হয়েছে। রোববার মধ্য রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে ছয়জনের। ফলে জেলার সড়ক মহাসড়কগুলো এখন মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে।
সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার নয়াআটি এলাকার বাসিন্দা গার্মেন্টস কর্মী সাইফুল ইসলাম সোমবার (১৬ আগস্ট) সকালে বন্দর উপজেলার মদনপুর এলাকায় কর্মস্থল ইপিলিয়ন গ্রুপের কারখানায় কাজে যান। রাত সাড়ে আটটার দিকে স্বজনরা জানতে পারেন সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
এ খবর পেয়ে সাইফুলের খোঁজের তার বড় বোন সুফিয়া বেগম ও স্ত্রী মোনালিসা রাত দশটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর হাইওয়ে থানায় গিয়ে কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠে সেখানকার পরিবেশ। থানায় সাইফুল ছাড়াও আরো দুইজনের লাশ পুলিশ হেফাজতে রাখা হয়। দুর্ঘটনায় অন্যান্য হতাহতদের স্বজনরাও ভীড় করেন সেখানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নয়াপুর এলাকায় রাস্তা মেরামতের কাজে ব্যবহৃত রোডকাটার মিলিং মেশিনের সাথে নাফ পরিবহনের একটি যাত্রীবাহি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় বাসটির মালিক মাহমুদা খাতুন ও যাত্রী সাইফুলসহ অজ্ঞাত আরো এক ব্যক্তি নিহত হন। আহত হন বাসটির অন্তত বারো জন যাত্রী। আহতদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে নিকটস্থ বেসরকারি চিকিৎসা কেন্দ্র আল বারাকা হাসপাতালে নিয়ে যায়। তবে গুরুতর অবস্থায় বেশ কয়েকজনকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এই দুর্ঘটনার ব্যাপারে মামলার প্রক্রিয়ার কথা জানিয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে আইন মোতাবেক সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
এর আগে রবিবার দিবাগত (১৬ আগস্ট) রাত সাড়ে বারোটার দিকে জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও একজন গুরুতর আহত হন।











































