শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
সুন্দরবনে চার হাজার ফুট ফাঁদসহ চার হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষী বাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, দুই বোতল কীটনাশক ও দুটি চাকু উদ্ধার করা হয়।
শনিবার রাত ৯টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শুকপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হচ্ছেন— বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের পান্না হাওলাদারের ছেলে জুলহাস (২৩), হাবিব হাওলাদারের ছেলে রিমন (১৯), জব্বার হাওলাদারের ছেলে জুয়েল (২৫) ও বাদুরতলা গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে সোহাগ (২৪)।
এ বিষয়ে শরণখোলা স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা বাহির শুকপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় শিকারিরা বনরক্ষীদের দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে তাদের নৌকা তল্লাশি চালিয়ে উল্লিখিত মালামাল উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে রোববার বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এদিকে একই দিনে বিকাল ৩টায় শরণখোলা রেঞ্জের পানিরঘাট এলাকা থেকে কীটনাশক দিয়ে শিকার করা দুই কেজি চিংড়ি মাছসহ এক জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। আটক জেলে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আ. হাকিম বাহালীর ছেলে জাহাঙ্গীর (২৫)।
আটক জেলেকে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান আবদুল মান্নান।










































