খুলনাঞ্চল রিপোর্ট ।।
ফেনীতে সোনার বার ডাকাতি মামলায় গ্রেপ্তারকৃত ডিবির ওসির ৪ দিনের রিমান্ড শেষে ৭ দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আবারও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ডিবির ওসিসহ ৬ কর্মকর্তা ও মামলার নথি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (১৫ আগস্ট) সন্ধ্যায় তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক মনির হোসেন।
শুনানি শেষে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান এ আদেশ দেন।
এর আগে, এ মামলায় রোববার ৬ পুলিশ কর্মকর্তার পর ইনফরমার ছন্দুর রহমান ভুট্টুকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের এক সোনা ব্যবসায়ীকে ফেনীতে আটক করে ২০টি সোনার বার ডাকাতি ও লুণ্ঠন করার অভিযোগে দায়ের করা মামলায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করার জন্য গ্রেপ্তারকৃত ডিবি ওসি সাইফুল ইসলামকে ফের ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
এর আগে গত বুধবার দুপুরে শুনানি শেষে গ্রেপ্তারকৃত ডিবি ওসি সাইফুল ইসলামকে ৪ দিন ও এসআই মোতাহের হোসেন, এসআই মিজানুর রহমান, এসআই নুরুল হক এবং এএসআই অভিজিৎ রায় ও এএসআই মাসুদ রানাকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করে ছিল ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান।
গত শনিবার সন্ধ্যায় ডিবি ওসি ছাড়া বাকি ৫ পুলিশ কর্মকর্তাকে ফের ৩ দিন করে রিমান্ড দেন আদালত।
গত বুধবার গ্রেপ্তারকৃত এই ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।










































