মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় ‘আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্য সেবা প্রকল্প’র পক্ষ থেকে বাগেরহাটের রামপাল উপজেলা প্রশাসনকে ৫০ হাজার মাস্ক প্রদাণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা সংক্রমণ প্রতিরোধসহ রামপাল উপজেলায় শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতকরণের লক্ষ্যে ইউনিয়ন ভিত্তিক বিতরণের জন্য স্বাস্থ্য সেবীদের কাছে এ মাস্ক হস্তান্তর করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল, ‘আমাদের গ্রাম’র যুগ্ম পরিচালক কাকলী রাণী হালদার, কর্মসূচী সংগঠক শেখ সাদী, সুমিত মণ্ডল, আলামিন শেখ, সাদিয়া ইসলাম, সাধন ভাণ্ডারী, খাদিজা খাতুন উপস্থিত ছিলেন।
আমাদের গ্রাম’র দায়িত্ব প্রাপ্তরা মাস্কগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেনের কাছে বুঝিয়ে দেন। এরপর ইউএনও কবীর হোসেন সেগুলো মাঠ পর্যায়ে বিতরণের জন্য স্বাস্থ্য কর্মীদের হাতে তুলে দেন। আমাদের গ্রাম’র কর্মসূচী সংগঠক শেখ সাদী বলেন, এ উপজেলার ১০ টি ইউনিয়নের ৯০ টি ওয়ার্ডের ১৩৬ টি গ্রামের ৪৫ হাজার পরিবারের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রথম দফায় ৫০ হাজার মাস্ক প্রদাণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ও ‘আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্যসেবা’ প্রকল্পের মাধ্যমে আরও প্রায় ৮৫ হাজার মাস্ক প্রদাণ করা হবে বলেও জানান তিনি











































