বিনোদন ডেস্ক।।
ইংল্যান্ডের বার্কশায়ারে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ঘোড়দৌড় ও সামাজিক অনুষ্ঠান ‘রয়্যাল অ্যাসকট ২০২৬’। এ বছরের রয়্যাল অ্যাসকটে বলিউড তারকা সারাহ আলী খান এবং হলিউডের ‘সুপারম্যান’ খ্যাত অভিনেতা হেনরি ক্যাভিল একই ফ্রেমে ধরা দিয়েছেন।
এই দুই তারকার একসঙ্গে পোজ দেওয়া ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘড়ি প্রস্তুতকারক ব্র্যান্ড ‘লংজিনস’ এবং সারার অফিশিয়াল পেজ থেকে এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের ছবিগুলো শেয়ার করার পর ভক্তরা যেন নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না।
ব্রিটেনের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী এই বার্ষিক অনুষ্ঠানে প্রতিবছরের মতো এবারও বসেছিল চাঁদের হাট। খেলাধুলা, ফ্যাশন ও সংস্কৃতির মেলবন্ধনের এই আয়োজনে উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে সারা আলি খান ছাড়াও যোগ দিয়েছিলেন রাজা তৃতীয় চার্লস, রানী ক্যামিলা, প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন। এ ছাড়া হলিউডের বিখ্যাত অভিনেতা হেনরি ক্যাভিলসহ বিশ্বের নামী ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সমাবেশে অংশ নেন।
রয়্যাল অ্যাসকটের অন্যতম মূল আকর্ষণ থাকে এর কঠোর পোশাকবিধি (ড্রেস কোড) ও ফ্যাশন ঐতিহ্য। এই চিরন্তন ঐতিহ্যকে মাথায় রেখে সারা আলি খান একটি জমকালো আইভরি রঙের পোশাক বেছে নিয়েছিলেন।
সেই সঙ্গে মাথায় পরেছিলেন ঐতিহ্যবাহী ও নজরকাড়া একটি ‘ফ্যাসিনেটর’ (এক ধরণের রাজকীয় টুপি)।
সারাহ এই মার্জিত ও আভিজাত্যপূর্ণ লুকের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে ভক্ত এবং ফ্যাশনপ্রেমীদের মাঝে তার এই লুক দারুণ প্রশংসিত হয়েছে। সারাহ আলী খানকে সম্প্রতি ‘পতি পত্নী অউর ওহ দো’ সিনেমায় দেখা গেছে। ছবিটিতে তার সাথে আরো অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং, ওয়ামিকা গাব্বি ও বিজয় রাজ।










































