Home বিনোদন কোনো অনৈতিক কাজ করিনি

কোনো অনৈতিক কাজ করিনি

6


বিনোদন ডেস্ক।।


সম্প্রতি মাদক ও যৌন সরঞ্জামাদিসহ র‌্যাবের হাতে আটক রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ চেয়েছিলেন চিত্রনায়িকা আঁচলের নায়ক হতে। যার ঘোষণা দেওয়া হয় ২০১৯ সালে নিজের জন্মদিনে। সিনেমার নাম ‘প্রিয়জন প্রয়োজন’। সেসময় তিনি জানান, সিনেমাটি তিনি নিজেই প্রযোজনা করবেন। নজরুল রাজকে আটকের পর আঁচলের নাম উঠে আসে মিডিয়ায়। এ নিয়ে শোবিজ পাড়ায় চলছে আলোচনা-সমালোচনাও।

আঁচলের ভাষ্য, ‘একজন খারাপ মানুষের সঙ্গে ছবি থাকলে কি আপনিও খারাপ! মিডিয়ায় এমন কোনো নায়িকা, মডেল নেই যার সঙ্গে নজরুল রাজের ছবি নেই। তাই বলে কি, তারা সবাই খারাপ! বুকে হাত দিয়ে বলতে পারি, দশ বছরের ক্যারিয়ারে কোনো অনৈতিক বা অন্যায় কাজ করিনি। মিডিয়ায় নিজের অবস্থান তৈরি করেছি নিজের যোগ্যতা দিয়ে। তারপরও কেন এসব গুজব! এসব কারণে পরিবার ও বন্ধুমহলে এখন দাঁড়াতেও লজ্জা লাগে।’

নজরুল রাজের সঙ্গে আপনার যে ছবিটি নিয়ে কথা উঠেছে, তা কোথায় তোলা? উত্তরে আঁচল বলেন, ‘দুই বছর আগে আমাকে নিয়ে “প্রিয়জন প্রয়োজন” নামে একটা সিনেমা বানাতে চেয়েছিলেন রাজ। তার জন্মদিনেই সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এটি দেবাশীষ বিশ্বাসের বানানোর কথা ছিল। ছবিটি মূলত সেখানেই তোলা। আমি আবারও বলছি, নজরুল রাজের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। কাজের বাইরে তার সঙ্গে আমার দেখা-সাক্ষাৎও হয়নি কখনো।’

এদিকে, আঁচল সবশেষ কাজ করছেন ‘ঘর ভাঙা সংসার’ সিনেমায়। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এতে তিনি অভিনয় করছেন ডিপজলের বিপরীতে। শিগগিরই এর শেষ লটের কাজ শুরু হবে বলে জানান এই চিত্রনায়িকা।