Home জাতীয় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত

সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত

12

খুলনাঞ্চল রিপোর্ট

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে টাঙ্গাইলের মির্জাপুরে মাটিভর্তি ড্রাম ট্রাক একটি যাত্রীবাহী সিএনজি অটো ও একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে ৬ অটোযাত্রী নিহত হন। সাভারের ধামরাইয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের ওপর গাছ পড়ে স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু হয়। এছাড়া যশোরের কেশবপুরে বাস চাপায় মোটরবাইক চালক, জামালপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে কাভার্ডভ্যান চালক, সিরাজগঞ্জে দুই বাসের সংঘর্ষে এক ড্রাইভার, দিনাজপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজ কর্মচারী, সিলেটে অটোরিক্সা চাপায় আরেক অটোরিক্সা চালক নিহত হয়েছে।

মির্জাপুর: মির্জাপুরে মাটি ভর্তি একটি ড্রাম ট্রাক একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিক্সা ও একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে অটোরিক্সার ৬ যাত্রী নিহত এবং ১ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আজগানা ইউনিয়নের গোড়াই-সখীপুর সড়কের বটতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, উপজেলার ঘাগড়াই গ্রামের খলিল মিয়ার ছেলে সিএনজি চালক হৃদয় (১৮), কুড়াতলী গ্রামের জহিরউদ্দিনের ছেলে সোনামুদ্দিন (৬০) ও তার নাতি আশরাফুল (৮), একই গ্রামের হাফিজ উদ্দিন (৫৫) ও তার মেয়ে রুনা (২৩) ও ঘাগড়াই কুড়াতলী কেজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন (৪০)। আহত আনোয়ার হোসেনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি ঘাগড়াই গ্রামে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিক্সাটি ঘাগড়াই থেকে ৭ জন যাত্রী নিয়ে পাশের হাটুভাঙ্গা বাজারে যাচ্ছিল। পথিমধ্যে গোড়াই-সখীপুর সড়কের বটতলা নামক স্থানে পৌঁছালে পিছন থেকে মাটি ভর্তি একটি ড্রাম ট্রাক অটোরিক্সাটিকে সজোরে ধাক্কা দেয়। একই সময় ড্রাম ট্রাকটি বিপরীত দিক থেকে আসা অপর একটি প্রাইভেটকারকেও ধাক্কা দেয়। এতে অটোরিক্সার চালক হৃদয় ও যাত্রী আশরাফুল ঘটনাস্থলেই মারা যান। অটোরিক্সার আহত ৫ যাত্রীকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে হাফিজউদ্দিন, জাকির হোসেন, রুনা ও সোনামুদ্দিনের মৃত্যু হয়। আহত আনোয়ার হোসেন কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ড্রাম ট্রাকটিকে আটক করা হয়েছে বলে দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানিয়েছেন।

এদিকে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় ৬ ব্যক্তির মৃত্যুতে ঘাইড়াই ও কুড়াতলী গ্রাম দুইটিতে শোকের ছায়া নেমে এসেছে বলে আজগানা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম জানিয়েছেন।

সাভার: ঢাকার অদূরে ধামরাইয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের ওপর গাছ পড়ে স¦ামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাওয়ালিপাড়া-মির্জাপুর আঞ্চলিক সড়কের মাদারপুর এলাকায় রাস্তার পাশে সড়ক ও জনপথ বিভাগের কড়ই গাছ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ধামরাই উপজেলার বাইচাল গ্রামের নুরুল ইসলাম (৬৫), তার স্ত্রী জাহানারা বেগম (৫৫), কামারপাড়া গ্রামের শামসুল হক (৭০), তেলিগ্রামের মাজেদা (৬৫) ও একই গ্রামের আয়েশা (৬০)।

কেশবপুর: কেশবপুর শহরের তেলপাম্পে তেল নিতে গিয়ে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে আব্দুল হান্নান নামের এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মোটরসাইকেলের আরোহী সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামকে (৬০) আশঙ্কাজনক অবস্থায় রবিবার রাতেই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালপুর: জামালপুরে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান চালক শাহীন মোল্লা (৪০) নিহত হয়েছেন। সোমবার ভোরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের-টাঙ্গাইল মহাসড়কের হরিদ্রাআটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন মোল্লা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কুসুন্দিয়া গ্রামের শাহাব উদ্দিন মোল্লার ছেলে।

সিরাজগঞ্জ: সোমবার দুপুরে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সবুর হোসেন (৪০) নামে গ্রামীণ ট্রাভেলসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ বাসযাত্রী। নিহত সবুর চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।

দিনাজপুর: দিনাজপুর শহরে মোটরসাইকেলের ধাক্কায় হবিবর রহমান (৫৫) নামে এক কলেজ কর্মচারী নিহত হয়েছে। সোমবার সকালে মাতাসাগর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত হবিবর রহমান দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মচারী। সিলেট: সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় এক অটোরিক্সার চাপায় আরেক অটোরিক্সা চালক নিহত হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে মদিনা মার্কেট সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। নিহত অটোরিক্সা চালক মওলুদ হোসেন (৩৫) নগরীর বন কলাপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে।