মোড়েলগঞ্জ প্রতিনিধি।।
বাগেরহাটের মোড়েলগঞ্জে পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ব্যবসায়ী আবুল বাশার শেখ(৪৯) এলাকার একটি চক্রের অত্যাচারে অতিষ্ট হয়ে আতংকে দিন যাপন করেছে তিনিসহ তার পরিবারটি।
এলাকার দুষ্কৃতকারি এ চক্রটি তার কাছে অর্থ দাবি করে হয়রানি করছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন আওয়ামী লীগ নেতা আবুল বাশার।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে পুটিখালী গ্রামের মৃত. কাছেম আলী হাওলাদারের ছেলে শামীম আহসান দুলালের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ব্যবসায়ী আবুল বাশার শেখের নিকট এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। নিরুপয় হয়ে ওই ব্যবসায়ী ৫ হাজার টাকা দিয়েও রেহাই পায়নি মারপিট ও লাঞ্চিতের শিকার হয়েছেন তিনি।
অভিযোগে বলা হয়েছে, ঘটনারদিন ১ আগষ্ট রবিবার বিকেল সাড়ে ৬ টার দিকে মঙ্গলেরহাট বাজারে ওই ব্যবসায়ী আবুল বাশার নাসির হাওলাদারের দোকানের সামনে বসে ছিলেন।
এ সময় শামীম আহসান দুলালসহ ১৫/২০ জনের ওই সংঘবদ্ধ দলটি তাকে ঘিরে ফেলে তার ওপর চড়াও হয়ে বাজার থেকে বের করে দেওয়ার জন্য টানা হেচড়া করে মারপিট ও লাঞ্চিত করে। এ সময় বাজারে থাকা স্থানীয়রা তাকে উদ্ধার করতে আসলে হামলাকারি এ চক্রটি পিছু হঠতে বাধ্য হয়।
এ ব্যাপারে আবুল বাশার শেখ বাদি হয়ে শামীম আহসান দুলাল আলী আজিম বাবুল বারেক বয়াতি সহ অজ্ঞাত ৭/৮ জনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা আবুল বাশার শেখ বলেন, ২০০১ সালে তিনি তার ভাই মাওলানা আব্দুল কাদেরসহ তাদের পরিবার জামাত-বিএনপির হাতে নির্যাতিত হয়ে বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতেও এখনও নির্যাতনের শিকার হতে হবে এ চক্রের হাতে। পরিবার পরিজন নিয়ে শান্তিপ্রিয় ভাবে বসবাসের জন্য উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
শামীম আহসান দুলাল তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয় সম্পূর্ন অস্বিকার করে বলেন আবুল বাশার বিগত দিনে স্থানীয়ভাবে তাকে সহ অনেককে হয়রানি করছে।
এ সর্ম্পকে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ব্যবসায়ী আবুল বাশারের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










































