Home আঞ্চলিক কালীগঞ্জে ক্ষুদে উদ্যোক্তার বড় স্বপ্ন

কালীগঞ্জে ক্ষুদে উদ্যোক্তার বড় স্বপ্ন

13

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

বাড়ির মধ্যে চলছে হৈ চৈ। পা বাড়াতেই বেরিয়ে এলো কালিমাখা এক যুবক। বাড়িতে কি হচ্ছে জিজ্ঞাসা করতেই মৃদু হাসিমাখা কণ্ঠে উত্তর আসলো ঘরোয়া পরিবেশে মুড়ি খই ভাজা হচ্ছে। যা বিভিন্ন বাজারে পাইকারী বিক্রি করা হয়। এভাবে বিগত ৩ বছর চলছে। লেখাপড়ার পাশাপাশি এটা করার কারনে সংসার থেকে অভাব পালিয়েছে। চাকুরী খুঁজে পাইনি তো তাই এ পথ ধরা। এ কাজে নিজের পাশাপাশি বেশ কয়েক জনেরও কর্মসংস্থান হয়েছে। অভাবের সংসারে লেখাপড়া শেষ করে বড় ভাইও তার পথ ধরেছে। স্বকর্মসংস্থান সৃষ্টিকারী এই যুবকের নাম ইমামুল ইসলাম। সে ঝিনাইদহ কালীগঞ্জের উল্ল্যা গ্রামের গ্রামপুলিশ আব্দুল আজিজের পুত্র।

সরেজমিনে ইমামুলের স্বপ্নের কারখানায় ঢুকে দেখা যায়, বেশ কয়েকজন শ্রমিক যে যার মত কাজ করছেন। ঘরোয়া পরিবেশে কেউ জ্বলন্ত চুলায় বালুতে চাল ভাজছেন। কেউ চুলায় ফুটা গরম গরম মুড়ি পরিষ্কার স্বাস্থ্যসম্মত স্থানে ঢেলে রাখছেন। কেউ তা চালুনী দিয়ে বালি চেলে স্তুপে রাখছেন। আবার কেউ ওজন দিয়ে বিশেষ পন্থায় প্যাকেটে ভরছেন। এভাবে সবাই যেন নিজ নিজ কাজে ব্যস্ত। আর বাড়ির মধ্যে ঢুকেই দেখা যায় ৩ কক্ষের টিনের ছাউনির ইটের ঘর। সব ঘরগুলোতে প্যাকেট করা মুড়ি খই বাজারজাত করার জন্য রেখে দেয়া হয়েছে। এগুলো সংসারের অন্যান্য জিনিসের সাথে একাকার হয়ে গেছে।

কারখানা পরিচালনা করা গুণী শিক্ষিত যুবক ইমামুল ইসলাম জানান, মাঠে তাদের কোন চাষযোগ্য জমি নেই। বসতভিটের ১২ শতক জমিই ছিল বাবার একমাত্র সম্বল। বাবা আব্দুল আজিজ গ্রাম পুলিশে অল্প বেতনে চাকরী করতেন। ফলে সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। এরমধ্যে ২ ভাই ২ বোনের লেখাপড়ার খরচ যোগানো বাবার জন্য অত্যন্ত কষ্টকর ছিল। তাই বাবা নিজের চাকুরীর ডিউটি শেষ করে গ্রাম গ্রাম ঘুরে কাগজী লেবু কিনে স্থানীয় বাজারগুলোতে বিক্রি করতেন। বাবার এমন কাজে তারাও উদ্ভুদ্ধ হয়ে শিক্ষা নিয়ে নিজেদেও স্বকর্মসংসস্থান তৈরীতে কাজ করতো।

অজপাড়া গায়ের ক্ষুদে উদ্যোক্তা ইমামুল তার শৈশবের স্মৃতিচারণ করে জীবনের গল্প শোনালো এভাবে—- বাবা যখন বাজারে লেবু বিক্রি করতেন। তখন ইমামুল ৪র্থ শ্রেণীর ছাত্র হয়েও স্কুল থেকে বাড়ি ফিরে নিজেদের মাঠ থেকে কলমি শাক তুলে বাবার পাশে বসে বিক্রি করতো। ইমামুল জানায়, এ থেকে যা আয় হতো তা দিয়ে ভাই বোনের লেখাপড়ার খরচ মেটাতাম। পরে ২০০৯ সালে জয়নগর প্রাথমিক বিদ্যালয় থেকে পি এসসি পরীক্ষা দিয়ে রেজাল্ট হওয়ার আগে কয়মাস শিশু বয়সেই পরের ক্ষেতে ধান রোপনের কাজ করেছি। কাজের প্রতি আগ্রহ থাকায় গ্রামের মানুষ বড় মানুষের চেয়ে অর্ধেকটা টাকা দিতেন। এ টাকা জমিয়ে রেখে একটি ছাগল কিনি। পরে লেখাপড়ার পাশাপাশি এ ছাগল পালন করে কয়বছর পরে একবারে ২২ টি ছাগল দেড় লাখ টাকায় বিক্রি করি। এ টাকায় বাড়িতে মুড়ি ভাজার কারখানা করি। বাবার নামে নাম দিই আজিজ মুড়ি। গত কয়েক বছর এ ব্যবসা করে সংসার থেকে অভাব তাড়িয়েছি। এ মুড়ি স্বাস্থসম্মত উপায়ে ঘরোয়া পরিবেশে ভাজার কারনে অন্য মুড়ির চেয়ে স্বাদ ভালো হয়। তাই বাজারে কাটতিও বেশি। নিজেই ইজ্ঞিনচালিত গাড়িতে বোঝায় দিয়ে কালীগঞ্জ, কোটচাদপুর, মহেশপুর ও ঝিনাইদহ শহরের মুদিখানা দোকানে বিক্রি করি। আর যশোরে বিক্রি করি নিজেদের ভাজা খই। সে জানায়,বর্তমান ৪ ভাই বোনের মধ্যে বড় ভাই ইকরামুল ইসলাম ইতিহাসে অনার্স মাষ্টার্স শেষ করে যশোরের মনিরামপুরে তার মত মুড়ির কারখানা করেছেন। আর আমি কোটচাঁদপুর সরকারী মোশাররফ কলেজের ইতিহাস বিষয়ে অনার্স শেষ বর্ষে। বড় বোন আয়েশা খাতুন অনার্স শেষ করে স্বাস্থ্যসহকর্মীর চাকুরী করছেন। আর ছোট বোন রোকেয়া স্থানীয় স্কুলে ১০ম শ্রেণীতে পড়ে।

ইমামুল জানায়,সৎ পথে রোজগারের কোন কাজই ছোট নয়। পরিশ্রম করলে এবং লক্ষ্য ঠিক থাকলে

গব কাজে সফল হওয়া যায়। তার স্বপ্ন ভবিষ্যতে বড় কারখানা গড়ে তোলার। যেখানে কর্মসংস্থান হবে অনেকের।

গ্রামের বাসিন্দা আবুল বাশার মোল্যা জানান, ইমামুলরা সব ভাই বোন অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী। ছোটবেলা তারা খুব আর্থিক অনাটনের মধ্যে দিন কাটিয়েছে। শত কষ্টের মধ্যেও সবকটি ভাই বোন লেখাপড়া চালিয়ে গেছে। বিশেষ করে ইমামুল সম্ভাবনাময়ী উদ্যেক্তা। সে নিজের মুড়ির কারখানার পরিচালক হিসেবে বেশ কয়েকজন শ্রমিকের পরিচালনা করছে। পাশাপাশি নিজেই গাড়ি চালিয়ে শহর ও গ্রামের বাজারগুলোতে মুড়ি মার্কেটিং করে। যেখানে সেলসম্যান,মার্কেটিং সে নিজেই। পরিশ্রম করলে যে সফল হওয়া যায় ইমামুল তার উদাহরণ।

জামাল ইউনিয়নের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন মন্ডল জানান, গ্রাম পুলিশ আব্দুল আজিজের মাঠে কোন চাষযোগ্য জমি নেই ঠিকই। কিন্ত তার যা আছে গ্রামের অনেক ধনী মানুষের তা নেই। কারন সংসারে শত অভাবের মাঝেও তার সবগুলো ছেলে মেয়ে লেখাপড়া চালিয়ে গেছে। প্রত্যেকটি ছেলে মেয়ে পরিশ্রমী। তারা লেখাপড়ার পাশাপাশি বাড়িতে ঘরোয়া পরিবেশে মুড়ি ভেজে বাজারে বিক্রি করে থাকে। এখন দুই ছেলের দুটি মুড়ির কারখানা কে ছে। বিশেষ করে ছোট ছেলে ইমামুল কাজের মাধ্যমে সংসার থেকে অভাব তাড়িয়ে দিন পাল্টে ফেলেছে। বর্তমানে তার ইউনিয়নের মধ্যে ২/৪ টি পরিবার সুখী থাকলে ইমামুলদের পরিবার একটি এতে কোন সন্দেহ নেই। অজপাড়াগায়ের মধ্যে ইমামুল এখন সফল উদ্যোক্তা এতে কোন সন্দেহ নেই। তাদের সংসারের যে সফলতা তা কল্পনাও করা যায় না। যে কারনে ইমামুলসহ ওই পরিবারের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ দিতেই হয়।