স্টাফ রিপোর্টার ।।
নগরীর নিরালা আবাসিকের ২০নম্বর রোডের ইসলাহুল উম্মাহ তালিমুল কুরআন মাদ্রাসার ১২ বছরের এক ছাত্রকে যৌন হয়রানির মামলায় ওই প্রতিষ্ঠানের শিক্ষক (বড় হুজুর) ইনামুল হাসান (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার এসআই আবু সাঈদ আসামিকে আদালতে হাজির করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আতিকুস সামাদ পিএইচডি তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন।
মামলার বিবরণে জানা যায়, বাগমারা ২নং ক্রস রোডের ১২ বছরের এক শিশু ইসলাহুল উম্মাহ তালিমুল কুরআন মাদ্রাসার হেফজো শাখায় ভর্তি হয় এবং আবাসিক হলে থেকে পড়াশুনা করে। মাদ্রাসার শিক্ষক (বড় হুজুর) ইনামুল হাসান বিভিন্ন সময় শিশুটিকে তার রুমে ডেকে নিয়ে নগদ টাকাসহ অনেক জিনিসপত্র দিত। গত ২৯ জুলাই রাতে এবং ৩০ জুলাই সকালে শিক্ষক ইনামুল হাসান শিশুটিকে তার রুমে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপুর্বক ধর্ষণ করে। ১ আগস্ট শিশুটি বিকেলে ফোনে তার পিতাকে তাকে বাড়ি নিয়ে যেতে বলে। বিকেল ৫টার দিকে শিশুটির মা তাকে বাড়িতে নিয়ে আসে। এসময় মাদ্রাসায় না থাকার কারণ জিজ্ঞাসা করলে সে ঘটনা খুলে বলে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে শিক্ষক ইনামুল হাসানের বিরুদ্ধে খুলনা থানায় মামলা দায়ের করেন যার নং-৭।











































