আসাদ, দিঘলিয়া ।।
ধারালো অস্ত্রের আঘাতে, খুলনার দিঘলিয়া উপজেলার ,সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ইয়াসিন মোল্যা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।
জানা যায়, গতকাল ২৫ জুলাই রবিবার রাত্র আনুমানিক সাড়ে ১০ টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইয়াসিন মোল্ল্যা কে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে তার প্রতিবেশী আত্নীয় স্বজন উত্তর চন্দনীমহল (গাজী পাড়া) থেকে আহত ইয়াসিন মোল্ল্যাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধূরী, ইন্সপেক্টর (তদন্ত) রিপন কুমার সরকার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ইয়াসিন মোল্যা ঐ ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ মোল্যার ভাই এবং ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারহানা হালিমের সমর্থক। এ ঘটনায় প্রতিপক্ষকে দায়ী করা হচ্ছে। নিহতের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা এবং আতংক বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
অপর দিকে সেনহাটি ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমানের নিকট উক্ত সহিংসতা ও প্রাণহানির ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হত্যার রাজনীতি আমি করিনা, আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমিও উক্ত হত্যাকান্ডের বিচার চাই। সুষ্ঠতদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।









































