Home আঞ্চলিক খুলনায় শিশু হাসপাতাল নির্মাণ এগিয়ে চলছে

খুলনায় শিশু হাসপাতাল নির্মাণ এগিয়ে চলছে

170

স্টাফ রিপোর্টার ||

 খুলনায় সরকারীভাবে নির্মিত হচ্ছে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত বিভাগীয় পর্যায়ের ২শ’ শয্যার শিশু হাসপাতাল। নগরীর সোনাডাঙ্গা বাইপাস সড়কের পাশে এর নির্মাণ কাজ এগিয়ে চলছে। ১০তলা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণসহ আনুষঙ্গিক কাজের সংশোধিত সার্বিক প্রকল্প মূল্য ৬৩ কোটি টাকা। বাংলাদেশ সরকারের অর্থায়নে গণপূর্ত বিভাগ-১, খুলনা তমা কনস্ট্রাকশন লি. এবং রইতি এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এই হাসপাতাল প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। এর নির্মাণ কাজ সম্পন্ন করে হাসপাতালটি চালু হলে খুলনা বিভাগের শিশুদের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১১ সালের ৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালিশপুরের জনসভায় খুলনায় একটি বিভাগীয় শিশু হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন। সেই অনুযায়ী ২০১২ সাল থেকেই হাসপাতালটি নির্মাণের জন্য জায়গা খোঁজা শুরু করে গণপূর্ত বিভাগ। একাধিক জায়গা দেখার পর ডুমুরিয়ার চকমাথুরাবাদ ও বটিয়াঘাটা উপজেলার কৃষ্ণনগর মৌজার সোনাডাঙ্গা বাইপাস সড়কের পাশে খুলনা বিশ্ববিদ্যালয় ও ময়ূরী আবাসিক প্রকল্পের মধ্যবর্তী স্থানে চার একর ৮২ শতক জমি নির্ধারণ করা হয়। জমি অধিগ্রহণ শেষে তা গণপূর্ত বিভাগের কাছে হাস্তান্তর করে জেলা প্রশাসন। এর পরই টেন্ডারসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে গণপূর্ত বিভাগ। গণপূর্ত বিভাগ-১, খুলনার নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলাম বলেন, খুলনায় বিভাগীয় শিশু হাসপাতাল নির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারভিত্তিক প্রকল্প। সর্বোচ্চ গুরুত্বসহকারে এ হাসপাতালের নির্মাণ কাজ করা হচ্ছে। গত বছরের মে মাসে এর কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হাসপাতালের সামনের রাস্তা সংক্রান্ত জটিলতার কারণে কাজ শুরু করতে কয়েক মাস দেরি হয়। পরে রাস্তার জন্য ৮ শতক জমি অধিগ্রহণের পর কাজ শুরু করা হয়। ১০ তলা ফাউন্ডেশন করে এর নির্মাণ কাজ এগিয়ে চলেছে। বেজমেন্টের পাইল ক্যাপ ঢালাই প্রায় শেষ হয়েছে। প্রথম প্যাকেজে বেজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোর, দ্বিতীয় প্যাকেজে আরও চারটি ফ্লোর হবে। ৫তলা পর্যন্ত বেড হবে ১০০ টি। এর পর বাকি ৫তলার কাজ করা হবে। ১০ তলা বিশিষ্ট বিভাগীয় শিশু হাসপাতালে বেড সংখ্যা হবে ২শ’। তিনি বলেন, হাসপাতাল ভবন, রাস্তা, প্রাচীর, বৈদ্যুতিক ব্যবস্থা, লিফটসহ আনুষঙ্গিক কাজের সংশোধিত সার্বিক প্রকল্প মূল্য ৬৩ কোটি টাকা। সমগ্র প্রকল্প বাস্তবায়নের সময়সীমা ২০২৩ সালের জুন মাস পর্যন্ত। তিনি বলেন, শুরুতে রাস্তার পথ না থাকার সমস্যা হয় এবং পরে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ায় কাজের গতি শ্লথ হয়ে পড়ে।

বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্প এলাকার জমি অপেক্ষাকৃত নীচু। এবার প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি থেমে গেলে পাম্প মেশিন দিয়ে পানি অপসারণের ব্যবস্থা রয়েছে। কিন্তু অবিরাম বর্ষণ হলে কাজ করা যায় না। বৃষ্টির কারণে কাজে বিঘœ সৃষ্টি হয়। এর মধ্য দিয়ে কাজ এগিয়ে চলেছে। খুলনার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, নির্মাণাধীন শিশু হাসপাতালটি স্বয়ং প্রধানমন্ত্রী প্রতিশ্রুত একটি প্রতিষ্ঠান। বিভাগীয় পর্যায়ের শিশু হাসপাতালটির নির্মাণ কাজ এগিয়ে চলেছে। বর্তমানে তিনি এ হাসপাতালটির নির্মাণ ও তদারকি করলেও ভবন নির্মাণ শেষ হলে এর জন্য পৃথক পরিচালক নিয়োগসহ স্বতন্ত্রভাবেই অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে। তিন বলেন, এ হাসপাতালটি নির্মাণ কাজ সম্পন্ন হলে খুলনার বেসরকারী শিশু হাসপাতালের ওপর চাপ কম পড়বে। পাশাপাশি এ হাসপাতালটি খুলনাসহ এতদ অঞ্চলের শিশুদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।