Home জাতীয় ফেরির ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি হয়েছে কিনা জানালেন প্রকল্প পরিচালক

ফেরির ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি হয়েছে কিনা জানালেন প্রকল্প পরিচালক

7

ঢাকা অফিস ।।

পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানিয়েছেন, মুন্সিগঞ্জের শিমুলিয়ার কাছে নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর পিলারের সঙ্গে ফেরি শাহজালালের সংর্ষে সেতুর কোনো ক্ষতি হয়নি।

শুক্রবার (২৩ জুলাই) সংবাদমাধ্যমকে তিনি বলেন, পদ্মা সেতুর পিলারে ধাক্কা লাগায় ফেরি ক্ষতিগ্রস্ত হলেও পিলারের তেমন ক্ষতি হয়নি।

এসব পিলারের ৪ হাজার টনের বেশি ধাক্কা সহ্য করার সক্ষমতা রয়েছে জানিয়ে শফিকুল ইসলাম বলেন, ফেরিটি যদি আরো গতিতে ধাক্কা দিত তাহলে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারত।

শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ১০টায় মুন্সিগঞ্জে রো রো ফেরি শাহজালাল পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। ফেরিটি বাংলাবাজার ঘাট থেকে রওনা দিয়ে শিমুলিয়া ঘাটে যাচ্ছিল।

বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার পথে রো রো ফেরি শাহজালাল পদ্মা সেতুর ১৭ নম্বর খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ফেরির সামনের অংশে বড় ধরনের ছিদ্র হয়েছে। দুর্ঘটনার সময় ফেরিতে থাকা ৩৩টি যানের একটির সঙ্গে আরেকটির ধাক্কা লাগে। ফেরির প্রায় দুই হাজার যাত্রীর মধ্যে অনেকেই পড়ে সামান্য আঘাত পেয়েছেন। এদের মধ্যে ২০ জন জখম হয়েছেন। তছনছ হয়ে গেছে ফেরির ভেতরের ক্যান্টিন।

ক্ষতিগ্রস্ত ফেরি শাহজালালের চালক আব্দুর রহমান জানান, ফেরির ইলেকট্রনিক সার্কিট ব্রেকার পড়ে যাওয়ায় স্টিয়ারিং বিকল হয়ে যায়। তবে দ্রুত ঠিক হলেও এর আগেই প্রবল স্রোতে ফেরিটির সামনের অংশ পদ্মা সেতুর খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। তবে ভাগ্যক্রমে বেঁচে যান যাত্রীরা। আঘাতটি পানির লেভেলের নিচে হলে ফেরিটি ডুবে যেতে পারত।

পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে, চলতি মাসেই এ নিয়ে ৩টি ফেরি সেতুর পিলারে আঘাত করেছে।

সকালে দুর্ঘটনার পর ঘটনা তদন্তে বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ‍্য) এসএম আশিকুজ্জামানকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- বিআইডব্লিউটিএর পরিচালক (নৌসংরক্ষণ) এম শাহজাহান, এজিএম (মেরিন) আহমেদ আলী এবং এজিএম (ইঞ্জিনিয়ারিং) রুবেলুজ্জামান।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক আদেশে কমিটিকে তিন দিনের মধ‍্যে বিআইডব্লিউটিসির চেয়ারম‍্যান বরাবর তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এ ঘটনায় ফেরির ইনচার্জ ইনল‍্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে বিআইডব্লিউটিসি।