মোংলা প্রতিনিধি ।।
মোংলা বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত লাইটার জাহাজের এক নাবিকের গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধ্যার পর জাহাজে পণ্য রাখার কেবিন থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাইটার জাহাজের মাষ্টার মো. আনোয়ার হোসেন বলেন, গত দুইদিন আগে ঢাকা থেকে মোংলা বন্দরের পশুর চ্যানেলে ১নং বয়া এলাকায় নোঙর করে লাইটার জাহাজ এমভি ডিটলেন্ডে। লাইটারটি মোংলা বন্দরে একটি বাণিজ্যিক মাদার ভ্যাসেল থেকে সার বোঝাই করে পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওযার কথা ছিল।
জাহাজটিতে মাস্টারসহ ১২ জন নাবিক ছিল। বৃহস্পতিবার দুপুরের পর নাবিক আবুল বাসার (৫৫) কাউকে কিছু না বলে লাইটার জাহাজটির মাথায় গিয়ে পণ্য বোঝাইয়ের কেবিনে নামে। সেখান থেকে ফিরে না আসায় খোঁজা-খুঁজি শুরু করে অন্য নাবিকরা। পরে সন্ধ্যার পর কেবিনের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখতে পাওয়া যায় আবুল বাসারকে।
জাহাজ নাবিক আবুল বাসার ফরিদপুরের বোয়ালমারী এলাকার মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে। গত ৬ বছর ধরে লাইটার জাহাজ এমভি ডিটলেন্ডে নাবিক হিসেবে চাকরি করছিলেন তিনি।
মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানায়, ‘বৃহস্পতিবার সন্ধ্যার পর খবর পেয়ে পশুর নদীতে গিয়ে লাইটার জাহাজ থেকে গলায় ফাঁস লাগানো নাবিকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে। তবে কী কারণে তিনি গলায় ফাঁস লাগালো সে ব্যাপারে অনুসন্ধান চলছে বলেও জানায় থানার এ কর্মকর্তা।’











































