স্টাফ রিপোর্টার ।।
খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগটিতে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৯৮১ জনের। এর আগে গতকাল মঙ্গলবার বিভাগে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। আজ বুধবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। খুলনা ও ঝিনাইদহে ৭ জন করে, যশোরে ৩ জন, মেহেরপুরে ৪ জন, নড়াইলে ২ জন এবং বাগেরহাটে ১ জন মারা গেছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৭২ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৮৮৪ জনের। মারা গেছেন ৫৩৪ জন এবং সুস্থ হয়েছেন ১৫ হাজার ২০০ জন।
প্রসঙ্গত, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। করোনা সংক্রমণের শুরু থেকে আজ বুধবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ৮৪ হাজার ৯৬১ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ২ হাজার ২৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ হাজার ৩৭২ জন।











































