তথ্য বিবরণী।।
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে করোনায় কর্মহীন আটশত ইজিবাইক শ্রমিক, দুইশত সড়ক পরিবহন শ্রমিক এবং সাতশত ৫০ জন নির্মাণ শ্রমিক প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন। মানবিক সহায়তার মধ্যে ছিলো জনপ্রতি পাঁচ কেজি চাল।
আজ (সোমবার) বিকালে খুলনার বয়রাস্থ বিভাগীয় শ্রম দপ্তর প্রাঙ্গণে সাতশত ৫০ জন নির্মাণ শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এবং খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান। এসময় সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
সকালে ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে পাঁচশত ইজিবাইক শ্রমিক এবং নিউমার্কেট বায়তুন নূর জামে মসজিদ চত্বরে তিনশত ইজিবাইক শ্রমিক ও দুইশত সড়ক পরিবহন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে কেসিসি’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর টিপু, কেসিসি’র সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে অতিথিরা বলেন, সরকার কর্মহীন শ্রমিক, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে কোন মানুষ না খেয়ে থাকবে না। প্রধানমন্ত্রী করোনার প্রভাবে কর্মহীনদের কষ্টলাঘবে লাখ লাখ পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করছে।
খুলনা জেলায় করোনা ভ্যাকসিন নিয়েছেন চার হাজার নয়শত ৭৬ জন
খুলনা জেলায় আজ (সোমবার) চার হাজার নয়শত ৭৬ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ দুই হাজার ছয়শত ১৪ এবং মহিলা দুই হাজার তিনশত ৬২ জন।
আজ খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার একশত নয় জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার আটশত ৬৭ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে চারশত ৮০ জন, বটিয়াঘাটা তিনশত জন, দিঘলিয়ায় দুইশত ২৪ জন, ডুমুরিয়ায় চারশত ৭০ জন, ফুলতলায় ৯৮ জন, কয়রায় ছয়শত ৬০ জন, পাইকগাছায় দুইশত ৩৮ জন, রূপসায় দুইশত ৯৩ জন এবং তেরখাদায় একশত চার জন টিকা গ্রহণ করেছেন। এছাড়া আজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮০ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ
খুলনা বিভাগের কুষ্টিয়া, মাগুরা জেলাসহ বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ (সোমবার) চারশত ৬৪ উপকারভোগী পরিবারের মাঝে নগদ দুই লাখ ৫৯ হাজার টাকা, দুই হাজার দুইশত ১০ উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ২২.১০ মেট্রিক টন চাল এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ২৪ হাজার পাঁচশত ৯২ উপকারভোগীর মাঝে ২৪৫.৯২ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ৭৯টি পরিবারকে পরিবার প্রতি ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি লবণ, এক কেজি মসুর ডাল ও একটি সাবান বিতরণ করা হয়েছে।
মেহেরপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর আজ (সোমবার) ভিজিএফ কর্মসূচির আওতায় তিন হাজার সাতশত ৪০ উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল এবং আটশত ৪০ উপকারভোগীর মাঝে আটশত ৪০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করে।
খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।











































