স্টাফ রিপোর্টার
আর মাত্র ৯ দিন বাকি। আগামী ১৭ মার্চ থেকে শুরু হচ্ছে মুজিব জন্মশতবর্ষ। পরের বছরের ১৭ মার্চ পর্যন্ত চলবে উৎসব অনুষ্ঠান। এরই মাঝে নানা কর্মসূচী চূড়ান্ত করা হয়েছে। বিশেষ করে আগামী ১৭ মার্চের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে দেখা যাচ্ছে বিপুল কৌতূহল। জানা যাচ্ছে, ১৬ মার্চ রাত ১২টায় শেষ হবে ক্ষণগণনা। ১২টা ১ মিনিটে সূচনা হবে মুজিববর্ষের। বিকেল চারটায় প্যারেড স্কয়ারে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিরতিসহ প্রায় তিন ঘণ্টা ধরে চলবে অনুষ্ঠান। এতে সভাপতত্বি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। শিশুকণ্ঠে জাতীয় সঙ্গীত দিয়ে সূচনা হবে মুজিববর্ষের মহানুষ্ঠানের। এর সঙ্গে থাকবে যন্ত্রসঙ্গীতের পরিবেশনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখবেন কয়েকজন বিদেশী অতিথি। এ তালিকায় নাম রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভুটানের রাজা অথবা প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। আসবেন বঙ্গবন্ধু পরিবারের অত্যন্ত ঘনিষ্ট ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনা। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি আর লেজার শো। শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে ৭০০ শিল্পী অংশ নেবেন ৪০ মিনিটের বিষয়ভিত্তিক পরিবেশনায়।









































