Home জাতীয় খুলনা অঞ্চলের ১০৩ জনসহ ৯৯৫ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত

খুলনা অঞ্চলের ১০৩ জনসহ ৯৯৫ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত

10

ঢাকা অফিস

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৯৫ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ের ৭৩২ জন এবং কলেজ পর্যায়ের ২৬৩ জন রয়েছেন। রোববার (১৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) এমপিও কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। মাউশি থেকে জানা যায়, স্কুল পর্যায়ে রয়েছেন- বরিশাল অঞ্চলের ৩৯ জন, চট্টগ্রাম অঞ্চলের ১০৭ জন, কুমিল্লা অঞ্চলের ৬২ জন, ঢাকা অঞ্চলের ১০১ জন, খুলনা অঞ্চলের ১০৩ জন, ময়মনসিংহ অঞ্চলের ১২০ জন, রাজশাহী অঞ্চলের ১৫৬ জন, রংপুর অঞ্চলের ২৫ জন এবং সিলেট অঞ্চলের ১৮ জন শিক্ষক-কর্মচারী। অপরদিকে কলেজ পর্যায়ে রয়েছেন- বরিশাল অঞ্চলের ১৭ জন, চট্টগ্রাম অঞ্চলের ১৮ জন, কুমিল্লার ৯ জন, ঢাকার ৩৩ জন, খুলনার ৪১ জন, ময়মনসিংহ অঞ্চলের ৩০ জন, রাজশাহীর ৪৫ জন, রংপুরের ৬৩ জন এবং সিলেট অঞ্চলের ১৮ জন শিক্ষক-কর্মচারী। অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, রুটিন ওয়ার্কের অংশ হিসেবে এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৯৯৫ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।