স্পোর্টস ডেস্ক
খেলা চলা অবস্থায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল পার্ক স্টেডিয়ামের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গোলাগুলির সময় স্টেডিয়াম দর্শকে ভর্তি ছিল। শব্দ শুনে দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছোটাছুটি শুরু হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, ন্যাশনাল পার্ক স্টেডিয়ামে দুটি দলের মধ্যে বেসবল খেলা চলছিল। খেলার ষষ্ঠ ইনিংস চলাকালে বাইরে কয়েক দফা গুলির শব্দ শোনা যায়। মুহূর্তে স্টেডিয়ামের দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মাইকে দর্শকদের শান্ত থাকার জন্য বলা হলেও ছোটাছুটি শুরু হয়।
গুলির এই ঘটনার পর স্টেডিয়ামে খেলা বন্ধ হয়ে যায়। স্থগিত হওয়া খেলা আগামী রোববার অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, ওয়াশিংটন ডিসির যে এলাকায় এই গুলির ঘটনা ঘটেছে, সেটি সাম্প্রতিক সময়ে আগ্নেয়াস্ত্র সহিংসতার জন্য চিহ্নিত হয়ে উঠেছে।











































