কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
মেহগনি বাগানে পড়ে ছিল এক দিন বয়সের এক নবজাতক। পুলিশ উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এমন খবর পেয়ে সংবাদ সংগ্রহে হাসপাতালে ছুটে যান স্থানীয় সাংবাদিকরা। এরপর নবজাতক সুস্থ আছে কিনা তা জানতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে যান।
কিন্তু তিনি কোনো তথ্য না দিয়ে তথ্য অধিকার আইন অনুযায়ী আবেদন করে তথ্য নিতে হবে বলে জানান। গত রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিসে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীমা শিরিন লুবনা জানান, তথ্য অধিকারের ওপর নতুন নোটিশ এসেছে মন্ত্রণালয় থেকে। নোটিশের বাইরে তারা কোনো কাজ করতে পারবেন না। তাই এখন থেকে সাংবাদিকদের স্বাক্ষর করে তথ্য নিতে হবে। তারা সেটি রেজিস্টারে লিপিবদ্ধ করে রাখবেন।
এ বিষয়ে ইউএনও সাদিয়া জেরিন বলেন, তথ্য অধিকার আইন আছে। জনগণের তথ্য সুরক্ষার জন্য আইন রয়েছে। তবে নবজাতকের ব্যাপারে তাদের কোনো ইন্টার্নাল বিষয় আছে কিনা, তা তার জানা নেই।
কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জামির হোসেন বলেন, একটি বাগানে পাওয়া নবজাতকের চিকিৎসার ব্যাপারে সাংবাদিকরা তথ্য নিতে গেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তথ্য অধিকারের যে কথা বলেছেন, সেটি অমানবিক। একটা নবজাতকের তথ্যের জন্য কেন তথ্য অধিকার আইন অনুযায়ী আবেদন করতে হবে আর কেন-ই বা স্বাক্ষর করতে হবে, তা বোধগম্য নয়।











































