খুলনাঞ্চল রিপোর্ট
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যকে বিতর্কিত এই মেয়রকে বরখাস্তের আদেশ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বিরুদ্ধে বাঘা থানায় ০৭/০৭/২০২১ ইং তারিখে পেনাল কোড, ১৮৬০ এর ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৩৮০/৫০৬ ধারায়, ৭নং মামলা, আর্মস এ্যাক্ট, ১৮৭৮ এর ১৯(এ)/১৯(এফ) ধারায় ৮নং মামলা এবং মাদক নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১), ১০ (ক)/৩৬ (১), ১৯ (ক)/৩৬(১), ৮(ক)/৪১ ধারায় ৯নং মামলা দায়ের হয়েছে। আর এমন অপরাধমূলক কার্যক্রম পৌর পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী। এ জন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১) অনুয়ায়ী- রাজশাহী জেলার বাঘা উপজেলাধীন আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে আড়ানী পৌরসভার মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এ আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ০৬ জুলাই আড়ানী পৌর বাজারে এক কলেজ শিক্ষককে মারধর করেন মেয়র মুক্তার। এ নিয়ে ওই দিন রাতেই ভুক্তভোগী শিক্ষক মামলা করেন। পরে রাত ৩টার দিকে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ৯৪ লাখ টাকা, সই করা চেক, আগ্নেয়াস্ত্র এবং মাদক উদ্ধার করে। আটক করা হয় তার স্ত্রী এবং দুই ভাতিজাকে। পরে ০৯ জুলাই ভোরে পাবনার পাকশি এলাকা থেকে মুক্তার আলী ও তার শ্যালককে গ্রেপ্তার করা হয়। এরপর মেয়রের বাড়িতে অভিযান চালানো হলে আবার মেলে ১ লাখ ৩২ হাজার টাকা। উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র এবং মাদক।








































