ঢাকা অফিস
করোনা রোগীদের সহযোগিতার জন্য সারাদেশে জেলা কার্যালয়ে হেল্প সেল গঠন করছে বিএনপি। দলটির কেন্দ্রীয় করোনা পর্যবেক্ষণ সেল ঘোষিত নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম শুরু করা হয়েছে। এই সেলের মাধ্যমে করোনা আক্রান্তদের ওষুধ, অপিজেন সিলিন্ডারসহ অন্যান্য চিকিৎসাসেবা দেবে দলটি।
এ বিষয়ে বিএনপির জাতীয় করোনা পর্যবেক্ষণ সেলের আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সারাদেশে করোনা মহামারি আকার ধারণ করেছে। এ অবস্থায় করোনা আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য তারা কার্যক্রম শুরু করেছেন। ইতোমধ্যে অনেক জেলার কার্যালয়ে হেল্প সেন্টার খোলা হয়েছে। অন্য জেলাগুলোতেও কার্যক্রম শুরু করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ সেবা উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হবে।
কর্মসূচির শুরুতে সোমবার সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে হেল্প সেল গঠন করা হয়। ইকবাল হাসান মাহমুদ টুকু এ কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস বলেন, এ সেলের মাধ্যমে করোনা রোগীর বাসায় জরুরি প্রয়োজন অনুযায়ী অপিজেন সিলিন্ডার সরবরাহ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনা হটলাইন চালুর মাধ্যমে ১০ জন চিকিৎসকের মোবাইল নম্বর সিরাজগঞ্জ জেলা বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ, অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়ায় প্রচার করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত করোনা উপসর্গ থাকা রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হবে।
একইভাবে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় হেল্প সেল চালু করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ভার্চুয়ালি এই হেল্প সেলের কার্যক্রমের সূচনা করেন। অনুষ্ঠানে হালুয়াঘাট হেল্প সেলের স্বেচ্ছাসেবকরা করোনা আক্রান্ত হালুয়াঘাট সদরের আকনপাড়ার জিল্লুর রহমান ও ধারা ইউনিয়নের সৌমিত্র দাসের বাড়িতে উপস্থিত হয়ে তাদের পরিবারের মাধ্যমে খোঁজখবর নেন এবং রোগীর জন্য ফল, পুষ্টিকর খাদ্যসহ মাস্ক, স্যানিটাইজার তুলে দেন। এ সময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দেশ ও জাতির এই দুঃসময়ে বিএনপি জনগণের জন্য কাজ করে যাচ্ছে।
বিএনপি নেতারা জানান, করোনাকালীন জনগণের সেবার জন্য বিএনপিপন্থি পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এসব হেল্প সেল খোলা হচ্ছে। এর জন্য দলের হাইকমান্ড ইতোমধ্যে এসব সংগঠনের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে। তাদের স্থানীয় পর্যায়ে বিএনপি নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।










































