স্টাফ রিপোর্টার
খুলনা বিভাগে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে করোনাভাইরাস। অদৃশ্য এই ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু হার দেশের অন্যান্য বিভাগকে ছাড়িয়ে গেছে অনেক আগেই। প্রিয়জন হারানোর কষ্টে ভেসে আসা কান্নার শব্দে প্রতিনিয়ত ভারী হয়ে উঠছে হাসপাতালগুলো। ধারণ ক্ষমতার বাইরেও ভর্তি হচ্ছে রোগী। কোনো হাসপাতালে শয্যা খালি নেই, অক্সিজেন সংকট, আইসিইউ শয্যার অভাব। অনেকে হাসপাতাল ঘুরে ঘুরেও পাচ্ছেন না চিকিৎসাসেবা। প্রতিনিয়ত খুলনা বিভাগে করোনায় মৃত্যুর মিছিল যে হারে বাড়ছে তা নিয়ে উদ্বিগ্ন সর্বমহল। অসচেতনতা এবং সীমান্তবর্তী এলাকা হওয়ায় করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে বলেও শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। হাসপাতালে আসা রোগীর স্বজনদের অভিযোগ, জরুরি মুহূর্তে চিকিৎসক ও নার্সদের পাওয়া যায় না। রয়েছে অক্সিজেনেরও সংকট।
জানা গেছে, খুলনা মেডিকেলের করোনা ডেডিকেটেড ইউনিটে ১৩০ বেড, খুলনা জেনারেল হাসপাতালের ৭০ বেড, বেসরকারি গাজী মেডিকেল হাসপাতালে ১৫০ বেড ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫ বেড মিলিয়ে ৩৯৫ বেডে করোনা রোগীরা সেবা নিচ্ছেন। এই হাসপাতালগুলোতে রোগীর চাপ এতো বেশি যে অনেকে দূর-দূরান্ত থেকে এসে ভর্তি হতে না পেরে ফিরে যাচ্ছেন। খুলনার চারটি করোনা বিশেষায়িত হাসপাতালসহ বিভাগের প্রতিটি জেলার হাসপাতালের একই চিত্র। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন এভাবে যদি রোগীর সংখ্যা বাড়তে থাকে আর সংক্রমণ রোধ না করা যায়, তাহলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।
খুলনা অক্সিজেন ব্যাংকের অর্থ সম্পাদক মো. আসাদ শেখ বলেন, যেকোনো মুহূর্তে অসহায় করোনায় আক্রান্ত মানুষকে বাঁচাতে অক্সিজেন ব্যাংক খুলে বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছি আমরা। করোনা পরিস্থিতিতে যেকোনো সময়ের চেয়ে খুলনার অবস্থা খুবই ভয়াবহ। গত বৃহস্পতিবার রাতে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন খুলনায়। এতো মানুষের মরদেহ আর আহাজারি দেখে স্তব্ধ হয়ে গেছি। তিনি জানান, ইতিমধ্যে খুলনা অক্সিজেন ব্যাংকের মাধ্যমে প্রায় ১৮শ’ মানুষকে অক্সিজেন সেবা দেয়া হয়েছে।
সার্চ মানবাধিকার সোসাইটি খুলনা মহানগর শাখার সভাপতি মাসুম উর রশিদ বলেন, আশঙ্কাজনক হারে খুলনায় বেড়েই চলছে করোনাভাইরাসের সংক্রমণ। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে চরম অক্সিজেন সংকট। করোনা রোগীরা অক্সিজেন সিলিন্ডারের অভাবে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। অক্সিজেন সংকটে ভুগতে থাকা মানুষদের ফ্রি অক্সিজেন সেবা দিচ্ছি আমরা। দিন-রাত যেকোনো সময় রোগীরা জানালেই পৌঁছে দিচ্ছি অক্সিজেন।
এদিকে অণুজীব বিজ্ঞানীরা বলছেন, বর্তমানে শহর ও গ্রামে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের আগ্রাসন মাত্রাতিরিক্ত। ওহান, আলফা ও বেটার চেয়ে ডেল্টা ভ্যারিয়েন্টের জীবাণু মানুষের শরীরে দ্রুত প্রবেশ করার পাশাপাশি স্বল্প সময়ে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ছে। এমনকি এর প্রার্দুভাবও অনেক সময় বোঝা যায় না।











































