Home জাতীয় নাজুক স্বাস্থ্যব্যবস্থায় শঙ্কা বাড়ছে : অক্সিজেন ও করোনা বেড বাড়াতে নির্দেশ

নাজুক স্বাস্থ্যব্যবস্থায় শঙ্কা বাড়ছে : অক্সিজেন ও করোনা বেড বাড়াতে নির্দেশ

16

বিশেষ প্রতিনিধি

সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। এভাবে বাড়তে থাকলে কিছু দিন পর হাসপাতালগুলোর চিকিৎসাসেবা ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ রোগী বাড়লেও সে হারে বাড়ছে না চিকিৎসা সরঞ্জাম। পর্যাপ্ত জনবলের অভাব ছিল আগে থেকেই। উপরন্তু হাসপাতালগুলোতে রোগীর তুলনায় নেই পর্যাপ্ত শয্যা। বিশেষ করে আইসিইউ শয্যার সংকট দেশের প্রায় সব জেলাতেই রয়েছে- এমনকি রাজধানীর হাসপাতালগুলোতেও।

 এ ছাড়া সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাইফ্লোন্যাজাল ক্যানোলার ঘাটতির কারণে অনেক হাসপাতাল চিকিৎসা দিতে ভীষণ হিমশিম খাচ্ছে। এ মুহূর্তে খোদ রাজধানীর অবস্থাই বেগতিক আর দেশের জেলা ও বিভাগীয় শহরগুলোর অবস্থা তো খুবই করুণ। এভাবে চলতে থাকলে অচিরেই পরিস্থিতি হবে খুবই ভয়াবহ, এমনটিই বলছেন সংশ্লিষ্টরা। সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে সারাদেশের সব বিভাগ ও জেলা প্রশাসনকে হাসপাতালে অক্সিজেন সরবরাহ এবং করোনা রোগীদের শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ নির্দেশনা দেন মুখ্য সচিব আহমদ কায়কাউস। বৈঠকে আহমদ কায়কাউস করোনার উপসর্গ বা লক্ষণযুক্ত ব্যক্তিদের অবশ্যই

ঘরে থাকার অনুরোধ করেন। প্রয়োজনে স্থানীয় প্রশাসন কর্তৃক আইসোলেশন নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। এ সময় মুখ্য সচিব অক্সিজেন সরবরাহ বৃদ্ধিসহ হাসপাতালগুলোতে কোভিড-১৯ শয্যা সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। অন্যদিকে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হাসপাতালগুলোর বেগতিক দশা দেখে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফিল্ড হাসপাতাল করার পরিকল্পনার কথাও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে স্বাস্থ্যসেবা খাতে অনেক অপ্রতুলতা নিয়ে বরাবরই অভিযোগ রয়েছে। কিন্তু করোনা সংক্রমণ বিস্তার লাভের পর স্বাস্থ্যব্যবস্থা যে কতটা নাজুক ও অপ্রতুল, উদ্বেগজনক সেই চিত্রটিই ফুটে উঠেছে। একদিকে যেমন করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের হাসপাতালগুলো ঠিকভাবে সেবা দিতে পারছে না, অন্যদিকে অন্যান্য জটিলতার রোগীরাও চিকিৎসা পেতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন।

ঢাকার বাইরে হাসপাতালের সিট খালি পাওয়াও এখন দুষ্কর। হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে রোগী শয্যা নিয়েছেন, এমন চিত্রও দেখা যাচ্ছে। অক্সিজেন নিয়ে কাড়াকাড়ি। অক্সিজেনের অভাবে প্রতিদিনই হাসপাতালগুলোতে রোগীদের মৃত্যু হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার সংক্রমণ যেভাবে বাড়ছে, সামনের দিনগুলোতে হাসপাতালের অবস্থা আরও নাজুক হবে। এমনকি স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়তেও পারে। তাই করোনা প্রতিরোধে মানুষের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতেই হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী গনমাধ্যমকে বলেন, এখনকার পরিস্থিতি আরও কয়েক সপ্তাহ খারাপের দিকে যেতে পারে। বিশেষ করে, ঢাকার বাইরে যেভাবে রোগী বাড়ছে, তাতে ন্যূনতম চিকিৎসা পাওয়াও কঠিন হয়ে পড়বে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত সরঞ্জাম ও আইসিইউ নেই। অনেক জেলায় আইসিইউ ব্যবস্থা নেই। ফলে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা রয়েছে।

জানা গেছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগর ব্যতীত দেশের আট বিভাগের বিভিন্ন জেলায় করোনার রোগীর চিকিৎসার জন্য ৭৮টি করোনা হাসপাতাল রয়েছে। এসব হাসপাতালের মধ্যে ৪৮টিতে আইসিইউর ব্যবস্থা রাখা হয়নি। অনেক হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক আইসিইউ, সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাইফ্লো ন্যাজাল ক্যানোলা ও জনবলের ঘাটতি রয়েছে। দেশের জেলাপর্যায়ে করোনা রোগীর চিকিৎসার জন্য পর্যাপ্ত শয্যা, সরঞ্জামাদির ঘাটতি রয়েছে, সেখানকার রোগীরা উন্নত চিকিৎসাসেবা পেতে এক জেলা থেকে আরেক জেলায় ছুটছেন। এতে করে রোগীর মৃত্যুঝুঁকি যেন বাড়ছে, সঙ্গে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, রাজধানীতে ১৬টি সরকারি ও ২৭টি বেসরকারি করোনা ডেডিকেটেড হাসপাতালে ৫ হাজার ৬৭০টি সাধারণ শয্যা এবং ৮৫৯টি আইসিইউ শয্যাসহ মোট ৬ হাজার ৫২৯টি শয্যা রয়েছে। এর মধ্যে সাধারণ শয্যার বিপরীতে ৩ হাজার ৩৮৪ জন এবং আইসিইউ শয্যার বিপরীতে ৬১১ জন রোগী ভর্তি আছে। তবে ১৬টি হাসপাতালের মধ্যে ১১টি ও বেসরকারি ১০টি হাসপাতালে কোনো আইসিইউ শয্যা খালি ছিল না। ঢাকায় ১৫টি কোভিড বিশেষায়িত হাসপাতালে শয্যার অতিরিক্ত রোগী ভর্তি আছে।

বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনার রোগী শনাক্ত হয়। করোনার প্রথম ঢেউয়ের পিকটাইমে একদিনে সর্বোচ্চ ৪ হাজার ১৯ জন শনাক্ত এবং ৬৪ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর পর সংক্রমণ হ্রাস পেয়ে চলতি বছরের জানুয়ারি মাসে ২০০-৩০০ মধ্যে চলে আসে। এর পর চলতি বছরের মার্চ মাস থেকে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়। দ্বিতীয় ঢেউ চলাকালে একদিনে সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জন করোনা শনাক্ত এবং ২০১ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে সারাদেশে সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৭৯২ জন মারা গেছে এবং ৮ লাখ ৫৬ হাজার ৩৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর অবশিষ্ট ১ লাখ ১৭ হাজার ৮১ জন রোগীর মধ্যে ১০ হাজার ৩৯ জন হাসপাতালে এবং ৫৯ হাজার ৩৪৩ জন আইসোলেশনে রয়েছেন।

গত কিছু দিন ধরে রাজধানীসহ সারাদেশেই করোনা রোগী বেড়ে চলছে। অনেক জেলায় মুমূর্ষু করোনা রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত পরিমাণ শয্যা, আইসিইউ, সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাইফ্লো ন্যাজাল ক্যানোলা ও জনবলের ঘাটতি রয়েছে। আবার অনেক হাসপাতালে নতুন রোগী ভর্তি করার মতো কোনো শয্যা খালি নেই। ফলে করোনার চিকিৎসাসেবা ভোগান্তি হচ্ছে। রোগীরাও চিকিৎসাসেবা পাওয়ার আশায় এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন। অনেক রোগী বিভিন্ন জেলা থেকে রাজধানীমুখী হচ্ছেন। এতে করে রাজধানীর হাসপাতালগুলোতে চাপ বাড়ছে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিশশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ অবস্থায় ফিল্ড হাসপাতাল করার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের বক্ষব্যাধি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, করোনায় আক্রান্তদের ১৫ থেকে ১৬ শতাংশ রোগীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়। এর মধ্যে ৪-৫ শতাংশ গুরুতর রোগী। এখন করোনায় আক্রান্ত হয়ে যারা ভর্তি হচ্ছেন, তাদের মধ্যে গুরুতর রোগী বেশি। এখন করোনায় আক্রান্তদের মধ্যে সংক্রমণের মাত্রা বেশি হচ্ছে, অক্সিজেন সিচুরেশন দ্রুত কমে যাচ্ছে, দ্রুত ফুসফুস খারাপ হচ্ছে। সিভিআর রোগী বেশি হলে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়বে। কারণ রোগী বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাসপাতালের শয্যা হয়তো বাড়ানো সম্ভব, কিন্তু চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী তো দ্রুত বাড়ানো সম্ভব হবে না। এগুলো টেকনিক্যাল পদ। এই পদের লোকজনকে পড়াশোনা শেষ করার প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করতে হয়। যদি কোনো কিছুর ঘাটতি থাকে, তা হলে সঠিকভাবে সেবা দেওয়া সম্ভব না। মানুষ যদি করোনা প্রতিরোধে নিজেরা সচেতন না হয়, তা হলে রোগীর চাপে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা আছে। করোনা প্রতিরোধে আমাদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে হবে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, আমাদের এখানে বুধবার করোনা ইউনিটে ৫০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৮ জনই ঢাকার বাইরের। তারা মুন্সীগঞ্জ, পাবনা, কিশোরগঞ্জ, বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে এসেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে করোনা ইউনিটে ৭৮০টি শয্যা রয়েছে। হাসপাতালটিতে বর্তমানে রোগীর চাপ খুবই বেশি। গতকাল হাসপাতালটিতে রোগী ভর্তি ছিলেন ৬৩১ জন। তবে সেখানে কোনো আইসিইউ শয্যা খালি নেই। ভর্তি রোগীদের যাদের আইসিইউর প্রয়োজন হয়, আইসিইউ বেড ফাঁকা হলে ক্রমিক অনুসারে তাদের সেখানে স্থানান্তর করা হয়। আইসিইউর একটি শয্যার বিপরীতে অনেক রোগী অপেক্ষমাণ থাকে।

একই অবস্থা কুর্মিটোলা জেনারেল হাসপাতালেরও। এখানে ১০টি আইসিইউ বেডসহ মোট ২৮৫টি বেড রয়েছে। অথচ গতকাল বৃহস্পতিবার রোগী ভর্তি ছিল ৩২৬ জন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে যারা ভর্তি হচ্ছেন, তাদের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে আসা। দেশের বিভিন্ন জেলা-উপজেলা হাসপাতাল থেকে তাদের রেফার করা হয়েছে। এত রোগীর চাপ নিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের।

সরকারি তথ্য বলছে, সারাদেশে করোনা ডেডিকেটেড হাসপাতালে মোট ১৪ হাজার ৯৭২টি সাধারণ শয্যা এবং ১ হাজার ২৫১টি আইসিইউ শয্যাসহ মোট ১৬ হাজার ২২৩টি শয্যা রয়েছে। এর মধ্যে সাধারণ শয্যার বিপরীতে ৯ হাজার ১২৮ জন এবং আইসিইউ শয্যার বিপরীতে ৯১৯ জনসহ মোট ১০ হাজার ৩৯ জন রোগী ভর্তি আছে। তবে অনেক হাসপাতালেই আইসিইউ শয্যা খালি নেই। ফলে মুমূর্ষু রোগীরাই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকা বিভাগে করোনা রোগীর চিকিৎসায় ১৪টি হাসপাতাল রয়েছে। এর মধ্যে আইসিইউ রয়েছে ৭টি হাসপাতালে, অন্যগুলোতে নেই।

ময়মনসিংহ বিভাগে ৪টি করোনা হাসপাতালে ৪৪৬টি সাধারণ বেড রয়েছে। এর মধ্যে দুটি হাসপাতালে ২২টি আইসিইউ শয্যা থাকলেও অন্য দুটিতে আইসিইউ বেডই নেই। চট্টগ্রাম বিভাগে ১৩টি (মহানগরসহ) করোনা হাসপাতালে ২ হাজার ৪৭৬টি শয্যা রয়েছে। এ ছাড়া ৪টি হাসপাতালে ৯৭টি আইসিইউ শয্যা থাকলেও বাকি ৯টি হাসপাতালে কোনো আইসিইউ শয্যার ব্যবস্থা নেই। রাজশাহী বিভাগের ১০টি হাসপাতালে করোনা রোগীর জন্য ১ হাজার ৪০০টি সাধারণ শয্যা রয়েছে। এ ছাড়া গুরুতর রোগীদের জন্য ৪টি হাসপাতালে ৫৮টি শয্যা থাকলেও ৬টি হাসপাতালে কোনো আইসিইউ শয্যা নেই। রংপুর বিভাগের ১৩টি হাসপাতালে ৯০৮টি সাধারণ ও ৩৮টি আইসিইউ শয্যা রয়েছে। তবে ৪টি হাসপাতালে আইসিইউ শয্যা থাকলেও ৯টি হাসপাতালেই নেই। খুলনা বিভাগে ১০টি হাসপাতালে করোনা রোগীর জন্য ১ হাজার ৫৮৭টি শয্যা রয়েছে। এ ছাড়া ৬টি হাসপাতালে ৬৭টি আইসিইউ শয্যা থাকলেও ৪টি হাসপাতালে কোনো আইসিইউ শয্যা নেই।

বরিশাল বিভাগে ৭টি হাসপাতালে করোনা রোগীর জন্য ৬১১টি শয্যা রয়েছে। এ ছাড়া গুরুতর রোগীর জন্য ২টি হাসপাতালে ২৫টি আইসিইউ শয্যা থাকলেও ৫টি হাসপাতালে আইসিইউ শয্যা নেই। সিলেট বিভাগে করোনা রোগীর জন্য ৪২৬টি সাধারণ ও ২২টি শয্যা রয়েছে। তবে ২টি হাসপাতালে আইসিইউ শয্যা থাকলেও ৫টি হাসপাতালে কোনো আইসিইউ শয্যা নেই।

গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে উল্লেখ করেছেন- করোনা রোগী শনাক্ত বেড়ে গেলে প্রয়োজনে ফিল্ড হাসপাতাল করা হবে। একই সঙ্গে করোনা ডেডিকেটেড হাসপাতালের শয্যা সংখ্যাও বাড়ানো হবে। ইতোমধ্যে জনবল পুনর্বণ্টন করা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, আমাদের যেসব হাসপাতালে করোনার চিকিৎসা দেওয়া হচ্ছে, সেসব হাসপাতালে কীভাবে শয্য-সংখ্যা বাড়ানো যায়, জনবল কীভাবে পুনর্বণ্টন করা যায়, আমরা সেদিকে মনোযোগ দিয়েছি। এর বাইরে ফিল্ড হাসপাতাল করা যায় কিনা সেটিও আমরা যাচাই-বাছাই করে দেখছি। প্রয়োজন হলে ফিল্ড হাসপাতাল করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাভাবিক সময়ে বাংলাদেশে ৫০-৭০ টন অক্সিজেনের চাহিদা থাকে। করোনাকালে সেটি আড়াই থেকে তিনগুণ বেড়েছে।