স্টাফ রিপোর্টার
নগরীর সদর থানাধীন রায়পাড়া ক্রস রোডে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক এক নারী আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নারী আসামি হলেন নগরীর ৫/১ রায়পাড়া ক্রস রোডের মো. কামাল হোসেনের স্ত্রী মিসেস ফাতেমা কামাল (৩৮)। সে ৪, কেডিএ এভিনিউস্থ সাত রাস্তার মোড়ের মেসার্স কাকন ইলেকট্রনিক্স এর মালিক।
র্যাব-৬ জানায়, বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে নগরীর সদর থানাধীন রায়পাড়া ক্রস রোডে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় খুলনা সদর থানার জিআর নং-৫০৭/১৮ তারিখ ০৫/০৪/২০২১ ধারাঃ ১৮৬/৩৫৩ পেনাল কোড এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফাতেমা কামালকে গ্রেফতার করা হয়। তাকে খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।











































