Home জাতীয় জামিনের ঘটনায় বিচারক প্রত্যাহার আইনের শাসনের জন্য অশনি সংকেত: টিআইবি

জামিনের ঘটনায় বিচারক প্রত্যাহার আইনের শাসনের জন্য অশনি সংকেত: টিআইবি

10

খুলনাঞ্চল রিপোর্ট

টিআইবিদুর্নীতির মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের জামিন নাকচ করায় বিচারক প্রত্যাহার ও পরে কয়েক ঘণ্টার ব্যবধানে অন্য বিচারক দিয়ে জামিন দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানায় সংগঠনটি।

টিআইবির বিবৃতিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পিরোজপুর-১ আসনের ক্ষমতাসীন দলের সাবেক সংসদ সদস্য ও তার স্ত্রীর জামিন নামঞ্জুরের ঘটনায় সংশ্লিষ্ট বিচারককে তাৎক্ষণিক বদলি এবং কয়েক ঘণ্টার ব্যবধানে ভারপ্রাপ্ত জজ দিয়ে জামিন মঞ্জুরের ঘটনা বাংলাদেশের অধস্তন আদালতের বিচারিক ইতিহাসে বিরল ও ভয়াবহ দৃষ্টান্ত। এতে টিআইবি গভীর উদ্বেগ প্রকাশ করছে। একইসঙ্গে দেশে আইনের শাসন ও ন্যায়বিচারের সম্ভাবনা বিকাশের স্বার্থে বিচার বিভাগকে কার্যকরভাবে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণমুক্ত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিবৃতিতে বলেন, ‘দুদকের মামলায় পিরোজপুরের জেলা ও দায়রা জজ ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং তার স্ত্রীর জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তা অভূতপূর্ব। এটি দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক গণতন্ত্রের পথ রুদ্ধ করার এক ভয়াবহ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে। এই ঘটনা আদালতের ওপর নির্বাহী বিভাগ ও রাজনৈতিক প্রভাবের ব্যাপক বিস্তার, প্রভাবশালীদের হাতে আইনের শাসনের জিম্মি হওয়া ও বিচারহীনতার সংস্কৃতিকে ক্রমাগত বিকাশে তৎপর স্বার্থান্বেষী মহলকে আরও ক্ষমতায়িত করবে।’

বিজ্ঞপ্তিতে ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘আমরা সরকার ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি এ ধরনের আত্মঘাতী পথ পরিহার করে বিচার বিভাগকে বাস্তবেই স্বাধীন করার উপযোগী কার্যকর পথ অনুসরণের জন্য আহ্বান জানাই।’

  • পিরোজপুরের জেলা জজ বদলি নিয়ে হাইকোর্টের রুল

ঢাকা অফিস

পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নানকে প্রত্যাহারের আদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। এই আদেশ কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আজ বুধবার এই আদেশ দেয়। আইন সচিব ও উপসচিবকে (প্রশাসন-১) দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। পরবর্তী আদেশের জন্য আগামী ১১ মার্চ বিষয়টি হাই কোর্ট বেঞ্চের কার্যতালিকায় আসবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। দুর্নীতির এক মামলায় জামিন আবেদন নিয়ে মঙ্গলবার সকালে পিরোজপুরের জজ আদালতে গিয়েছিলেন সাবেক সংসদ সদস্য আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীন।