Home জাতীয় মডার্নার টিকা দেওয়া হবে সিটিতে, জেলা-উপজেলায় সিনোফার্মের

মডার্নার টিকা দেওয়া হবে সিটিতে, জেলা-উপজেলায় সিনোফার্মের

17

ঢাকা অফিস

আগামী সপ্তাহ থেকে দেশের ১২টি সিটি এলাকায় মডার্নার টিকা প্রয়োগ শুরু হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ক্যাম্প করে সিনোফার্মের টিকা দেওয়া হবে। দুই-এক দিনের মধ্যে এসব টিকা প্রয়োগের জন্য নিবন্ধন শুরু হবে। আজ সোমবার রাতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে বলেন, ‘রোববার আমাদের মিটিং হয়েছে। সিদ্ধান্তগুলো তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়কে জানাচ্ছি। খুব শিগগিরই টিকার জন্য নিবন্ধন প্রক্রিয়া চালু হলে নিবন্ধন করে টিকা নেওয়া যাবে। কমিটি সিদ্ধান্ত নিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আসা কোভ্যাক্স সুবিধায় পাওয়া মডার্নার টিকা দেওয়া হবে দেশের ১২ সিটি করপোরেশন এলাকায়, আর চীন থেকে কেনা সিনোফার্ম দেওয়া হবে জেলা ও উপজেলা পর্যায়ে।’

গত শুক্রবার দেশে মডার্নার সাড়ে ১২ লাখ টিকা পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব টিকা গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার।

একই রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় চীনের সিনোফার্মের টিকা। দুই চালানে আসে চীনের সিনোফার্মার ২০ লাখ টিকা। বিমানবন্দরে করোনার এই প্রতিষেধক গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত শনিবার মডার্নার আরও সাড়ে ১২ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিষেধক টিকা দেশে পৌঁছায়। সকাল পৌনে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে দ্বিতীয় ধাপে টিকাগুলো আসে বলে জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। আনুষ্ঠানিকভাবে টিকাগ্রহণের জন্য বিমাবন্দরে পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আট দেশের পাশাপাশি এশিয়ার ১৮টি দেশকে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ১ কোটি ৬০ লাখ টিকা দেওয়ার কথা গত ২২ জুন ঘোষণা করে হোয়াইট হাউস। এর মধ্যে বাংলাদেশের জন্য মডার্নার তৈরি ২৫ লাখ টিকা পাঠানো হয়েছে।

চীনের সিনোফার্ম থেকে করোনার দেড় কোটি ডোজ টিকা কিনতে সরকার চুক্তি করেছে। ওই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি বাংলাদেশে টিকা প্রথমে ২০ লাখ টিকা পাঠিয়েছে। বাকি টিকা পর্যাক্রমে আসবে।