০ শাহ তানভীর আহমেদ
আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর রেকর্ড ভেঙেছে খুলনা বিভাগ। গত ২৪ ঘন্টায় সব রেকর্ড ভেঙে বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। আগেদিন রোববার (০৪ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছিল। আজ সেই রেকর্ড ভেঙে অদৃশ্য এই ভাইরাসে মারা গেল ৫১ জন। সোমবার (০৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড় খুলনায় ১৩ জন, যশোরে ছয়জন, মেহেরপুরে পাঁচজন, ঝিনাইদহে পাঁচজন, বাগেরহাটে ও চুয়াডাঙ্গায় দুজন করে এবং মাগুরায় একজন মারা গেছেন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬২ হাজার ৩৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৬৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৫৫৩ জন।
খুলনার চার হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু:খুলনার তিন হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। রোববার (০৪ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (০৫ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় ১২ জন ও উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুজন, আবু নাসের হাসপাতালে একজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গে পাঁচজন মারা গেছেন। করোনায় মৃত্যুরা হলেন- খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার হাবিবুর (৮০), রাফেজা (৫৮), সুভাস (৮২), পাইকগাছার আঃ রউফ (৪৫) ও যশোরের কেশবপুরের আঃ জলিল খান (৫২)।
হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৮৭ জন। যার মধ্যে রেড জোনে ১১৭ জন, ইয়ালো জোনে ৩০জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩৬ জন। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৪৫ জন। বেসরকারি গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, নগরীর টুটপাড়ার মো. আব্দুল্লাহ (৭৭), খালিশপুর মুজগুন্নি এলাকার মোশারফ হোসেন (৬৮), বাগেরহাটের ফকিরহাট উপজেলার সরদার মো. আলী (৬৫) ও চিতলমারী গোয়ালিয়া এলাকার পুষ্প রানী বালা (৮১)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ১১৯ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন ও এইচডিইউতে আছেন ৮ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। পিসিআর ল্যাবে ৬৩টি নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা পজেটিভ এসেছে। খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, বটিয়াঘাটা উপজেলার হায়দার (৭৫) ও যোগীপোলের মমতাজ (৬০)। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৬৩ জন, তার মধ্যে ৩৪ জন পুরুষ ও ২৯ জন মহিলা। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।
খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, হাসপাতালে করোনা আক্রান্ত নগরীর নিরালা এলাকার ওয়াহিদুজ্জামান (৬৬) নামে একজনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হওয়া ৪১ জন রোগী ভর্তি রয়েছে। যার মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন।











































