Home খেলাধুলা মেসিকে ভেড়াতে পিএসজির প্রস্তাব

মেসিকে ভেড়াতে পিএসজির প্রস্তাব

7

স্পোর্টস ডেস্ক

হোয়ান লাপোর্তার প্রতিশ্রুতি কার্যত ফলছে না। লা লিগার নতুন ফিনান্সিয়াল প্রটোকল বাধায় লিওনেল মেসিকে এখনও নতুন চুক্তির প্রস্তাব দেয়নি বার্সেলোনা। প্রথমবারের মতো ফ্রি এজেন্ট মেসিকে পেয়ে সেই সুযোগ কাজে লাগাতে চাইছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আর্জেন্টাইন সুপারস্টারকে দলে ভেড়াতে ইতিমধ্যে বড় প্রস্তাবও দিয়েছে প্যারিসের ক্লাবটি। এমনটাই দাবি ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের।

গত বছরই জোসেপ মারিয়া বার্তেমেউয়ের বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন লিওনেল মেসি। তবে কিছু জটিলতায় সেটি সম্ভব হয়নি। তবে বার্তেমেউয়ের পদত্যাগের পর দৃশ্যপট কিছুটা বদলেছে। পুনরায় সভাপতির দায়িত্ব নেয়া হোয়ান লাপোর্তার সঙ্গে মেসির সুসম্পর্ক রয়েছে।

দায়িত্ব নিয়ে লাপোর্তাও বারবার আশ্বাস দিয়েছেন বার্সেলোনায়ই থাকবে মেসি। যদিও মেয়াদ উত্তীর্ণ হওয়ারার দিন অতিক্রান্ত হলেও চুক্তি নবায়ণের কোনো খবর নেই।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’র দাবি, মেসিকে দলে টানতে চাইছে পিএসজি। আগামী মৌসুমেই তাকে প্যারিসে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে তারা চুক্তির প্রস্তাব পাঠিয়েছে।

জানা গেছে, মেসি যদি নতুন চুক্তি করতে রাজিও হন, তবে বার্সেলোনাকে ১৭০ মিলিয়ন পাউন্ড পারিশ্রমিক প্রস্তুত রাখতে হবে। করোনার কারণে এখন বেশ আর্থিক সংকটে ভুগছে কাতালান ক্লাবটি।

ইতিমধ্যেই গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে বেশ কয়েকজন নতুন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। সার্জিও আগুয়েরো, এরিক গার্সিয়া ও মেম্ফিস ডিপাইকে ফ্রি ট্রান্সফারে নিয়ে এসেছে লা লিগার দলটি।

আবার রিয়াল বেতিসের ব্রাজিলিয়ান তারকা এমারসন রয়ালসকেও ৭.৮ মিলিয়ন পাউন্ডে দলে টানতে চাইছে বার্সা।

ক’দিন আগেই মেসির সঙ্গে নতুন চুক্তির বিষয়টি নিয়ে মুখ খুলেন লাপোর্তা। বার্সা সভাপতি জানান, মূলত লা লিগা ২০১৩ সালে একটি নীতি প্রতিষ্ঠা করে। যা প্রতিটি ক্লাব সর্বোচ্চ কত টাকা ব্যয় করতে পারবে, সে নিয়মনীতি বেঁধে দিয়েছে। এই ফিনান্সিয়াল প্রটোকলের জন্যই মেসির সঙ্গে চুক্তি নবায়ন করা হচ্ছে না।

২০০০ সালের ডিসেম্বরে বার্সেলোনায় যোগ দেন লিওনেল মেসি। সেই থেকে উত্থান আর্জেন্টাইন ফুটবল মহা তারকার। প্রায় ২০ বছরে একবারও বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়নি মেসির। প্রত্যেকবারই মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই চুক্তি নবায়ন করেছে বার্সা কর্তৃপক্ষ।