মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার ভোর থেকেই মোংলায় কঠোরভাবে বিধি নিষেধ প্রতিপালনে মাঠে নেমেছে নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশ। সেই সাথে রয়েছে দুইটি মোবাইল কোর্ট টিমও। প্রশাসনের ব্যাপক তৎপরতার পৌর শহরের সকল দোকানপাট বন্ধ রয়েছে। তবে নানা অজুহাতে রাস্তায় কিছু কিছু লোকজন ও যান চলাচল করতে দেখা গেছে।
অপ্রয়োজনে কেউ ঘরের বাহির হলে তাকে জেল–জরিমানা ও যানবাহনের চাবী জব্দ করে মামলা দেয়া হবে বলে জানিয়েছেন মোবাইল কোর্ট পরিচালনাকারী ও সশস্ত্র বাহিনীর নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী।
লকডাউন বাস্তবায়নে সকলকে বিধি নিষেধ মানতে ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগীতা করার জন্য পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমানের পক্ষ থেকে পৌরসভার ডিজিটাল কেন্দ্র থেকে প্রতিনিয়ত প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে কঠোর লকডাউনের মধ্যেও শতভাগ স্বাস্থ্য বিধি মেনে মোংলা বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন। তিনি বলেন, বৃহস্পতিবারও বন্দরে অবস্থানরত ৮ টি বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহণের কাজ চলছে। দুপুরে আরো তিন জাহাজ বন্দর ভিড়বে। তিনি আরো বলেন, করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি নিষেধ অনুযায়ী কম সংখ্যক অর্থাৎ ২৫ ভাগ জনবল দিয়ে সিফটিংয়ের মাধ্যমে অফিসিয়াল কাজ কর্ম করা হচ্ছে।
খোলা রয়েছে ইপিজেডের সকল কলকারখানা ও শিল্প এলাকার মিল–ফ্যাক্টরীও।











































