স্টাফ রিপোর্টার
আমন মৌসুমে বেশিরভাগ কৃষকের ভরসা বিএডিসির ধানবীজ। গুণগত মান ভালো হওয়ায় এ বীজের ওপরেই আস্থা তাদের। কিন্তু সংকটের কথা বলে ইয়াস বিধ্বস্ত কয়রায় অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন বীজ ব্যবসায়ীরা। যা কৃষকদের জন্য মরার উপর খাঁড়ার ঘায়ের মত হয়ে দাঁড়িয়েছে। কৃষকদের অভিযোগ, বিএডিসির ধানবীজের সরকারি মূল্য বস্তাপ্রতি (১০ কেজি) ৩৬০ টাকা থেকে ৪০০ টাকা। কিন্তু বাজারে কিনতে গেলে তাদের দিতে হচ্ছে ৫০০-৭৫০ টাকা।
বস্তাপ্রতি ২০০-৩৫০ টাকা বেশি দিতে বাধ্য হচ্ছেন কৃষকরা। দাম বেশি হওয়ায় বিএডিসির মোড়ক পাল্টে ভেতরে অন্য বীজ দিয়ে ব্যবসায়ীরা বাজারে বিক্রি করছেন বলেও অভিযোগ করছেন অনেক কৃষক। উপজেলার সদর ইউনিয়নর কৃষক শফিকুল ইসলাম। বিএডিসির নির্ধারিত দরে বীজ কিনতে এসেছিলেন তিনি। কিন্তু দোকানদার দাম হাঁকান ৫০০ টাকা। এতে বিপাকে পড়েন তিনি। অবশেষে বাধ্য হয়ে বেশি টাকা দিয়েই বীজ কিনেছেন তিনি। কৃষক রবিন্দনাথ বলেন, বাজারে বিএডিসির বীজের সংকটের কথা বলে অসাধু ব্যবসায়ীরা বেশি টাকা নিচ্ছেন। আর এ বীজের ওপরে আমাদের আস্থা থাকায় বেশি দামের পাশাপাশি ভেজাল বীজও দিচ্ছেন তারা। ফলে আমাদের ক্ষতি হচ্ছে।
কৃষক মাছুম প্রামাণিক অভিযোগ করেন, গত দুদিন আগেও যে বীজের দাম ৪০০-৪৫০ টাকা, সেই বীজ এখন ৫০০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে। দিনে দিনে লাগামহীনভাবে দাম বাড়াচ্ছেন বীজ ব্যবসায়ীরা।
ব্যবসায়ী উজ্জ্বল বেশি দামে বীজ বিক্রয় অভিযোগ অস্বীকার করে বলেন, চাহিদা অনুযায়ী বীজের সংকট আছে কিন্তু বিএডিসির নির্ধারিত মূল্যে বীজ বিক্রয় করা হচ্ছে।
দাম বেশি নেয়ার অভিযোগ থাকলেও বেশিরভাগ ডিলারই বলছেন, সরকারি দামে বীজ বিক্রয় করা হচ্ছে। দাম বেশি নেয়ার সুযোগ নেই। কৃষি অফিস সব সময় মনিটরিং করছে। কয়রা উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা অনুতাপ ম-ল বলেন, কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বীজ বিক্রি করলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস বলেন, উপজেলায় ধান বীজের কোনো সংকট নেই। তবে কিছু অসাধু ব্যবসায়ী এগুলোর সংকট দেখানোর চেষ্টা করছেন। তিনি আরও বলেন, বিএডিসির ধানবীজের ডিলারদের বেশি দাম কেউ নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমাদের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে।











































