০ স্পোর্টস ডেস্ক
ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই ‘ইউরো’র হাইবোল্টেজ ম্যাচে পর্তুগালের মুখোমুখি হতে যাচ্ছে জার্মান। আজ শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় জার্মানির মিউনিখে সর্বাধিক চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। প্রথম ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসী ক্রিস্টিয়ানো রোনালদোরা এই ম্যাচে গ্রুপের শীর্ষে উঠার জন্য লড়বে। অন্যদিকে নিজেদের ভুলে ফ্রান্সের বিপক্ষে হেরে গিয়ে জিততে মরিয়া হয়ে খেলবে থমাস মুলাররা।
পর্তুগাল নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে এবং বাকি দুটি ড্র। বিপরীতে জার্মান তাদের সবশেষ পাঁচ ম্যাচের দুটিতে জিতেছে, দুটিতে ড্র করেছে। আর শেষ ম্যাচে আত্মঘাতী গোলে ফ্রান্সের কাছে হেরেছে। সম্প্রতিক পারফরম্যান্সে কিংবা তারকা ঘেঁষা দু’দলেরই শক্তি সামর্থ্য আজ মুগ্ধ করবে ফুটবল ভক্তদের।
এখন পর্যন্ত পর্তুগাল-জার্মানের মুখোমুখি লড়াই হয়েছে ১৮ ম্যাচ। এর মধ্যে জার্মানের জয় ১০টি, আর পর্তুগালের জয় মাত্র তিনটি। বাকি পাঁচ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে তারা। আগের পারফরম্যান্সের হিসেবে বাদ দিলে বর্তমানে পর্তুগাল শিরোপা ধরে রাখার দাবিদার। একই সঙ্গে জার্মানও তাদের চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুলতে মরিয়া হয়ে লড়বে।
দিনের আরেক ম্যাচে সন্ধ্যা সাতটায় ফ্রান্সের মুখোমুখি হবে হাঙ্গেরি। তারকা ঘেঁষা দল নিয়ে হাঙ্গেরিকে হারিয়ে শীর্ষস্থানের জন্য লড়বে প্রথম ম্যাচে জার্মানকে হারে তেতো স্বাদ দেওয়া কিলিয়ান এমবাপেরা। সবগুলো ম্যাচ দেখবেন সনি টেন ২, সনি সিক্সে।











































