০ মোঃ আবু তাহের, নড়াইল
নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকা দিয়ে বয়ে যাওয়া কাজলা নদীর পাড় ভেঙ্গে বসতবাড়িসহ দোকানপাট নদীগর্ভে বিলীনের আশংকায় দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী বসবাসকারী মোফাকরুল তরফদারসহ কয়েকটি পরিবার।নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন তুলারামপুর সেতুর সন্নিকটে কাজলা নদীর পূর্বপাড়ে বসবাসরত মোফাকরুল তরফদার।
সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার ৭৯নং তুলারামপুর মৌজার এসএ ২০৫২,২০৫৫,২০৫৬, ২০৫৭ ও ২০৫৮ নং দাগের উপর দিয়ে কাজলা নদীর পূর্ব কূল ঘেঁষে সড়ক ও জনপথ বিভাগের নির্মিত তুলারামপুর-মাইজপাড়া সড়ক অবস্থিত। তুলারামপুর সেতু সংলগ্ন উত্তর পার্শ্বের স্লুইচগেটের আশপাশের এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে স্বার্থান্বেষী মহল অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫টি বসতবাড়িসহ ১২টি দোকানঘর নদীগর্ভে বিলীন হবার আশংকা রয়েছে।
এ ব্যাপারে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন জানান, অর্থ বরাদ্দ পাওয়া গেলে তুলারামপুর সেতু এলাকার কাজলা নদী তীরবর্তী ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।











































