০ খুলনাঞ্চল রিপোর্ট
আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের খোঁজ পাওয়া গেছে। পুলিশ দাবি করেছে, ব্যক্তিগত কারণে গাইবান্ধার ত্রিমোহনীতে বন্ধু শিহাবের বাসায় আত্মগোপনে ছিলেন ত্ব-হা। তার সঙ্গীরাও সেখানে ছিলেন। ঘটনার দিন রাতে রাজধানীর কল্যাণপুর থেকে গাড়ি ঘুরিয়ে তারা গাইবান্ধা চলে যান। গতকাল শুক্রবার বিকাল পৌনে ৫টায় রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে ব্রিফিংয়ে এ দাবি করেন মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন। তবে এ বিষয়ে আবু ত্ব-হার বক্তব্য জানা যায়নি।
ডিসি মারুফ হোসেন জানান, গতকাল দুপুর ২টায় আবু ত্ব-হার পরিবার থেকে জানানো হয়, তিনি বাড়ি ফিরেছেন। এর পর বেলা পৌনে ৩টার দিকে নগরীর মাস্টারপাড়ার আজহারুল ইসলাম ম-লের বাড়ি থেকে ত্ব-হাকে জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানায় নেওয়া হয়। পরে সেখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। খোকন নামে স্থানীয় এক বাসিন্দা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি নগরীর মাস্টারপাড়ায় আবু ত্ব-হাকে দেখেন। ত্ব-হা সে সময় কোনো কথা বলেননি।
ডিসি মারুফ হোসেন বলেন, ত্ব-হা নিখোঁজের ঘটনায় দুটি জিডি হয়েছিল। ত্ব-হার মা একটি জিডি করেন এবং তার সঙ্গে নিখোঁজ হওয়া আমিরুদ্দিনের ভাই ফয়সাল আরেকটি জিডি
করেন। এর পর থেকে পুলিশ তাদের খোঁজে মাঠে নামে। বিভিন্ন উপায়ে তদন্ত চলছিল। আজ (শুক্রবার) আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, ত্ব-হা তার প্রথম স্ত্রীর বাড়িতে আছেন। সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
মারুফ হোসেন বলেন, গত ১০ জুন বৃহস্পতিবার রংপুুুর থেকে প্রাইভেট কার ভাড়া করে ঢাকার পথে রওনা হন ত্ব-হাসহ আবদুল মুহিত, ফিরোজ আলম ও গাড়িচালক আমিরুদ্দিন। ঢাকার গাবতলীতে পৌঁছালে ত্ব-হার ব্যক্তিগত সমস্যার কারণে তারা সবাই সেখান থেকে গাইবান্ধার ত্রিমোহনীতে চলে যান। সেখানে ত্ব-হার বন্ধু সিয়ামের বাড়িতে অবস্থান করেন।
ডিসি আরও বলেন, ওই বাড়িতে অবস্থানকালে ত্ব-হার ইচ্ছাতেই সবাই নিজেদের মোবাইল ফোন বন্ধ রাখেন। কিছুদিন এভাবে আত্মগোপনে থাকার সিদ্ধান্ত নেন। মূলত পারিবারিক ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কারণে ত্ব-হা আত্মগোপনে থাকতে চান বলে সঙ্গীদের জানান এবং মোবাইল ফোন বন্ধ রাখতে বলেন। তার কথায় রাজি হয়ে বাকিরাও স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। তবে তারা স্বেচ্ছায় আত্মগোপনে থাকার দাবি করলেও এই ঘটনা রাষ্ট্র বা সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখবে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে বলা হয়, আবু ত্ব-হা ও আমিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা প্রাথমিকভাবে আত্মগোপনে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা এখন পুলিশের হেফাজতে রয়েছেন।
ত্ব-হার উদ্ধৃতি দিয়ে মারুফ হোসেন বলেন, ত্ব-হা আমাদের তার ব্যক্তিগত কিছু সমস্যার কথা জানিয়েছেন। আমরা তা যাচাই-বাছাই করছি। আমরা তাকে রংপুর কোতোয়ালি থানায় সোপর্দ করব। এই মুহূর্তে তার ব্যক্তিগত বিষয়গুলো মুখে আনতে চাই না। তদন্তসাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আবু ত্ব-হাসহ চারজনকে বেলা পৌনে ৩টার দিকে রংপুর কোতোয়ালি থানায় নেওয়ার কথা নিশ্চিত করেন সংশ্লিষ্ট থানার ওসি আবদুর রশিদ।
এর আগে ত্ব-হার শ্বশুরবাড়িতে গেলে শ্বশুর আজহারুল ম-ল এ বিষয়ে কোনো কথা বলেননি। পরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। ত্ব-হার নানাবাড়িতে গেলে ভেতর থেকে কেউ বের হননি। এ বিষয়ে কেউ কোনো কথাও বলেননি।
ত্ব-হা সপরিবারে রংপুর শহরে থাকেন। তার মা আজেদা বেগম বলেছিলেন, তার ছেলে অনলাইনে আরবি পড়ানোর পাশাপাশি দেশের বিভিন্ন মসজিদে জুমার খুতবা দিতেন। ১০ জুন ঢাকার একটি মসজিদে খুতবা দেওয়ার উদ্দেশ্যে রংপুর থেকে বিকালে ভাড়া করা একটি প্রাইভেট কারে ঢাকায় রওনা দেন। সঙ্গে ছিলেন তার আবদুল মুহিত ও ফিরোজ। রাত ২টা ৩৬ মিনিটে ত্ব-হাকে তার স্ত্রী সাবেকুন্নাহার ফোন দিলে তিনি বলেন, তিনি এখন ঢাকার গাবতলীতে আছেন। ফোনের চার্জও প্রায় শেষ হয়ে গেছে। এর পর থেকে ত্ব-হাসহ সবার ফোনই বন্ধ ছিল। স্বামীর খোঁজে স্থানীয় থানা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ সদর দপ্তর, র্যাব সদরসহ বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরছিলেন তার স্ত্রী, যা নিয়ে সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয়।
থানায় ডাকলেও যাননি ফিরোজ
আবু ত্ব-হার সঙ্গী ফিরোজ আলমের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। গতকাল ভোরে তাকেও উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, সন্ধ্যায় তাকে শিবগঞ্জ থানায় আসার জন্য বলা হলেও তিনি থানায় না এসে আত্মগোপন করেছেন।
ফিরোজ শিবগঞ্জের কিচক ইউনিয়নের ছাতিয়ানপাড়ার আনিছুর রহমানের ছেলে। তার সন্ধান চেয়ে শিবগঞ্জ থানায় ১৪ জুন আনিছুর রহমান জিডি করেছিলেন।
ওসি সিরাজুল ইসলাম জানান, ফিরোজ শিবগঞ্জের মোকামতলায় কোনো এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। গতকাল সকালে খোঁজ পাওয়ার পর তাকে থানায় ডাকা হয়েছে ঘটনা জানার জন্য। কিন্তু তিনি থানায় না এসে সেখান থেকেই আত্মগোপন করেছেন।
ওসি আরও বলেন, ফিরোজের বাবা ভুল তথ্য দিয়ে জিডি করেছেন। ফিরোজ রংপুর থেকে নিখোঁজ হলেও তার বাবা জিডিতে শিবগঞ্জের কথা লিখেছেন। বিষয়টি জানার জন্যই বাবাসহ তাকে থানায় ডাকা হয়েছিল।











































