Home আঞ্চলিক রামপালে করোনায় মারা ব্যক্তির সৎকার করেছেন চার মুসলমান যুবক

রামপালে করোনায় মারা ব্যক্তির সৎকার করেছেন চার মুসলমান যুবক

11

মোংলা প্রতিনিধি

বাগেরহাটের রামপালে করোনা মারা যাওয়া নিরোদ পালের সৎকারে নিজ আত্মীয় ও ধর্মের লোকজন এগিয়ে না আসলেও অবশেষে তাকে সৎকার করেছেন স্থানীয় চার মুসলিম যুবক। ওই যুবকদের এমন কাজে মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন হয়েছে রামপালে। করোনা ভীতি উপেক্ষা করে তাদের এ কাজের প্রসংশা করছেন সকলেই। সকলেই বলছেন ‘মানুষ মানুষের জন্য’ এই বিখ্যাত উক্তিটিকে বাস্তবে রুপ দিয়ে নিজের মহান করেছেন ওই চার যুবক।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুকান্ত কুমার পাল জানান, উপজেলার সদর ইউনিয়নের বেতকাটা গ্রামের নিরোদ পাল (৬৫) করোনা উপসর্গ নিয়ে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হলে তাতে তার করোনা পজেটিভ শনাক্ত হয়। এরপর তিনি হাসপাতালের আইসোলেশন সেন্টারে ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়। হাসপাতালের পুরো সময়টা জুড়ে নিরোদের পাশে ছিলেন শুধু তার ছেলে প্রদীপ পাল (৪০)। করোনায় হাসপাতালে পিতা নিরোদ মারা যাওয়ার পর কোনভাবেই তার একার পক্ষে সৎকার সম্ভব হচ্ছিলনা। তাই সৎকারের লোকের অভাবে হাসপাতালেই মৃতদেহ পড়েছিল প্রায় ১২ ঘন্টার অধিক।

ডা: সুকান্ত কুমার পাল বলেন, পরদিন হাসপাতালে এসে দেখি নিরোদের লাশ নেয়নি এখনও। তার ছেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার আত্মীয় ও পরিচিত এমনকি এলাকার তার ধর্মেরও কেউ আসতে চাইছেন না। তার এই কথা শুনে আমি স্থানীয় খেদমতে খালফ নামক ইসলামী স্বেচ্ছাসেবক টিমকে খবর দেয়ই এবং তাদেরকে বিষয়টি খুলে বলি। শোনার সাথে সাথে তারা নিরোদের সৎকারে রাজি হন। এরপর তারা বুধবার সকালে এসে লাশটি নিয়ে গিয়ে ওই সংগঠনের চার মুসলমান যুবক শশ্মানে নিয়ে সৎকার করেন। খেদমতে খালফ’র চার সদস্য হলেন, মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা জুফিকার আলী, আব্দুর রহমান ও দেলোয়ার হোসাইন।

মাওলানা হোসাইন আহমেদ বলেন, আমরা গত বছর করোনা প্রাদুর্ভাব শুরু হলে এ সংগঠনটি করি। এর মুল উদ্দেশ্য ছিলো কেউ যদি করোনায় মারা যান, আর মৃত সেই ব্যক্তির দাফন ও সৎকারে কেউ এগিয়ে না আসলে আমরাই সেটি করবো। আমাদের সেই উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করি। বুধবার যখন আমাদেরকে হাসপাতাল থেকে বিষয়টি ফোনে জানানো হয় তখনই আমরা সেখানে গিয়ে লাশ নামিয়ে ভ্যানে করে মিরাখালী শশ্মানে নিয়ে যাই। এরপর সেখানে লাশের সৎকার করি। সৎকারের সময় শুধু তার ছেলে মুখে আগুন দেয়ার জন্য উপস্থিত ছিল। কিন্তু সে কখনো তার বাবাকে স্পর্শও করেনি। আমরাই পুরো কাজটি শেষ করি।

রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো: জামিল হাসান জামু বলেন, ভয়ের কারণে তার পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকার কেউ এগিয়ে না আসলেও স্থানীয় চার মুসলিম যুবক নিরোদের সৎকারের কাজটি সম্পন্ন করেছে। এটি মানবতার একটি বিরল দৃষ্টান্ত।

বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুকান্ত কুমার পাল বলেন, সমাজের দায়বদ্ধতার জায়গা থেকেই ওই চার মুসলিম যুবক যে কাজটি করেছে তা সত্যি প্রশংসনীয়। তাদের এ কাজ এখানকার মানুষের কাছে ভবিষ্যৎতে স্মৃতি হয়ে থাকবে। তাদেরকে আমি ব্যক্তিগত ধন্যবাদ জানাই তারা এক ধর্মের হয়েও অপর ধর্মের মানুষের সৎকারে এগিয়ে এসেছেন, এটাই মানবতা। তারা প্রমাণ করেছে দিয়েছেন মানুষ মানুষের জন্যই এই উক্তিটিকে।