Home আঞ্চলিক সৌম্য’র বিয়েতে মোবাইল চুরির মামলার দু’আসামি রিমান্ডে

সৌম্য’র বিয়েতে মোবাইল চুরির মামলার দু’আসামি রিমান্ডে

17

স্টাফ রিপোর্টার

জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের বিয়ের অনুষ্ঠান থেকে বর যাত্রীদের সাতটি মোবাইল সেট চুরির মামলায় গ্রেফতার দু’আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের ৭দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে গতকাল রবিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম একদিন করে মঞ্জুর করেছেন। গত ২৬ফেব্রুয়ারি দিবাগত রাতে খুলনা কাবে সৌম্য সরকারের বিয়ের অনুষ্ঠানে এ চুরির ঘটনা ঘটে।

দু’আসামি হলেন ঢাকার শ্যামপুরের সিরাজুল ইসলামের ছেলে রাসেল (২৭) ও ভাষানটেকের আব্দুল মান্নানের ছেলে সেলিম (৩০)। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার এসআই টিপু সুলতান আসামিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন।

মামলার বিবরণে জানা যায়, ২৬ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে প্রায় পাঁচ’শ বরযাত্রী নিয়ে সৌম্য সরকার খুলনা কাবে প্রবেশ করেন। এসময় তিনটি মোবাইল ফোন চুরি হয়। রাত ১০ টার দিকে মালা বদলের আগে আরও চারটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। সৌম্যর বাবা ও বন্ধু অলীসহ বর যাত্রীদের সাতটি মোবাইল সেট চুরি হওয়ার ঘটনায় হট্টগোল শুরু হলে মালাবদল বন্ধ হয়ে যায়। পরে দুই চোরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এঘটনায় সৌম্য পরিবারের সদস্য সুখময় সরকার বাদী হয়ে ওই দু’জনের বিরুদ্ধে খুলনা থানায় মামলা দায়ের করেন। 

এসআই টিপু সুলতান জানান, আসামি রাসেলের নামে শ্যামপুর থানায় একাধিক মামলা রয়েছে। দু’জনেই চিহ্নিত চোর চক্রের সদস্য। জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে।