০ স্টাফ রিপোর্টার
প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, সুরকার ও সঙ্গীত পরিচালক ওস্তাদ আব্দুল মালেক চিশতী’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১১ জুন। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের প্রথম সঙ্গীত শিল্পী ওস্তাদ আব্দুল মালেক চিশতী খুলনার সঙ্গীত জগতে এক অবিস্মরণীয় নাম। শুরু থেকেই বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি অনুষ্ঠানের বিচারক মন্ডলীর অন্যতম সদস্য ছিলেন তিনি।
শুদ্ধ সঙ্গীত চর্চার মাধ্যমে সৃষ্টি করে গেছেন অসংখ্য ছাত্র–ছাত্রী, গুণগ্রাহী এবং ভক্তবৃন্দ। তাঁর অনন্য সংগীত–জীবনে এতো সুখ্যাতি অর্জন সত্ত্বেও অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। খুলনার সাংস্কৃতিক অঙ্গন আলোকিত করাই যেন ছিল তাঁর ব্রত। সে কারণেই অনেক সুযোগ–সুবিধা থাকা সত্ত্বেও কোথাও যেতে চাইতেন না। খুলনাতেই থেকে গেছেন জীবনের শেষদিন পর্যন্ত। অত্যন্ত অন্তর্মুখী, বিনম্র এই সঙ্গীতগুরু বিশ্বাস করতেন যে, সঙ্গীত শোনার বিষয়, দেখার বিষয় নয়। ওস্তাদ আব্দুল মালেক চিশতী’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।











































