০-বিনোদন ডেস্ক
করোনার কারণে চলচ্চিত্র নির্মাণে অনেকটাই অনাগ্রহী প্রযোজকেরা। কঠোর বিধিনিষেধের ফলে সিনেমা হলও বন্ধ রয়েছে। তবুও কেউ কেউ চলচ্চিত্র প্রযোজনা করার চেষ্টা করছেন। করছেন সময়োপযোগী ভিন্ন ধরনের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালনা করছেন ‘হৃদ মাঝারে তুমি’ এবং অন্যটি জেসমিন নদীর ‘চৈত্র দুপুর’। দুটি সিনেমারই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এ প্রজন্মের নায়িকা আইরিন। ‘হৃদ মাঝারে তুমি’তে আইরিন অভিনয় করছেন সুন্দরী চরিত্রে এবং ‘চৈত্র দুপুর’ সিনেমায় তিনি অভিনয় করছেন রিয়া চরিত্রে। তাই এই অভিনেত্রী এখন সুন্দরী রিয়া।
দুই চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে আইরিন বলেন, ‘এরই মধ্যে আমি হৃদ মাঝারে তুমি সিনেমার কাজ শেষ করেছি। যদিও এই সিনেমার শুটিংয়ে ঈদের পর অংশ নিতে গিয়ে আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম। পরবর্তীতে বেশ ভালোভাবে কাজ শেষ করেছি। এদিকে আবার চৈত্র দুপুর সিনেমার কাজ শুরু করেছি। কিছু অংশের কাজ শেষ করেছি। শিগগিরই আবারো শুটিং শুরু হবে। দুটি সিনেমা নিয়েই আমি আশাবাদী।’
এদিকে এনটিভির রিয়েলিটি শো ‘অনন্য প্রতিভা’র বিচারকের দায়িত্ব পালন করছেন আইরিন। এবারই প্রথম তিনি বিগ বাজেটের কোনো রিয়েলিটি শোর বিচারক হিসেবে কাজ করছেন। আইরিনকে দর্শক প্রথম দেখেন আফসানা মিমি পরিচালিত ‘পৌষ ফাগুনের পালা’ ধারাবাহিক নাটকে। আর দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমা দিয়ে শুরু হয়েছিল এ অভিনেত্রীর চলচ্চিত্র যাত্রা।











































