Home জাতীয় গোল্ডেন মনিরসহ চারজনের ১৭০ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

গোল্ডেন মনিরসহ চারজনের ১৭০ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

11

০ ঢাকা অফিস

অর্থপাচারের অভিযোগের মামলায় আটক আলোচিত গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরসহ চারজনের ১৭০টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সিআইডি পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গোল্ডেন মনিরসহ চারজনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক মোহাম্মদ ছাদেক আলী ১৭০টি ব্যাংক হিসাব জব্দ করার জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। ব্যাংক হিসাব জব্দ হওয়া অপর তিন আসামি হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, রিয়াজের ভাই হায়দার আলী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম ওরফে শফিক।

অবৈধ সম্পদের অনুসন্ধানে গত বছর ২০ নভেম্বর রাতে রাজধানীর মেরুল বাড্ডায় মনিরের ছয়তলা বাড়িতে অভিযান চালিয়ে ৯ লাখ টাকা মূল্যমানের ১০টি দেশের মুদ্রাসহ ১ কোটি ৯ লাখ টাকা উদ্ধার করে র‌্যাব। অভিযানে চার লিটার মদ, আট কেজি সোনা, একটি বিদেশি পিস্তল ও গুলিসহ মনিরকেও গ্রেফতার করা হয়। গোল্ডেন মনিরকে প্রধান আসামি করে দায়ের করা এ মামলার অপর আসামিরা হলেন- মনিরের স্ত্রী রওশন আক্তার, ছেলে রাফি হোসেন, বোন নাসিমা আক্তার, নাসিমার স্বামী হাসান আলী খান, মনিরের আরেক ভগ্নিপতি নাহিদ হোসেন, গোল্ডেন মনিরের সহযোগী আবদুল হামিদ। গত ১১ মে সিআইডির পুলিশ পরিদর্শক ইব্রাহিম হোসেন বাদী হয়ে বাড্ডা থানায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। গত বছরের ২২ নভেম্বর র‌্যাব বাদী হয়ে মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে।

পুলিশ জানায়, অবৈধ অস্ত্র ও মাদক রাখায় গ্রেফতার গোল্ডেন মনিরের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এ ছাড়াও ১০ দেশের মুদ্রা রাখায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করা হয়। মোট তিন মামলায় গ্রেফতার গোল্ডেন মনিরকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়েছে।