০স্টাফ রিপোর্টার
নগরীর লবনচরা এলাকার রূপসা সেতু সংলগ্ন মহাসড়কে মেহেরুন্নেছা শার্লী (২১) নামের ঢাকা তিতুমীর কলেজের এক ছাত্রী নিহত হয়েছে। শুক্রবার (৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শার্লী বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের আট্টাকা গ্রামের মৃত. মহিউজ্জামানের মেয়ে।
এলাবাবাসি জানায়, কলেজছাত্রী শার্লী বাবার মৃত্যুর পর ঢাকা মিরপুরে চাচার বাসায় থেকে লেখাপড়া করতেন। করোনাকালে তিনি ফকিরহাট চলে আসেন এবং ঈদের সময় সাতক্ষীরা সোনালী ব্যাংকে কর্মরত চাচির কাছে বেড়াতে গিয়েছিলেন। সেখানে চাচার সঙ্গে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে খুলনার লবণচরা পৌঁছালে পাশের রাস্তা থেকে একটি বাইসাইকেল হঠাৎ তাদের সামনে চলে আসে। এসময় সাইকেল আরোহীকে বাঁচাতে গেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শার্লী ছিটকে রাস্তার পাশের রেলিংয়ের ওপর পড়ে যান। এতে তার মাথায় প্রচ- আঘাত লাগলে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে খুলনা মেডিক্যার কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত. ঘোষণা করেন।
লবণচরা থানার অফিসার ইনচার্জ সমীর কুমার সরকার বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করতে চায়নি। তারা জেলা প্রশাসকের অনুমতি নিয়ে এলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। মেহেরুন্নেছা শার্লীর মরদেহ বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।










































