বিশেষ প্রতিনিধি, ঢাকা
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও মৃত্যুর হার বৃদ্ধির মধ্যে আগামী ২১ জুন ৩৭১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপি আগে থেকেই ঘোষণা দিয়েছে, এ নির্বাচনে তারা অংশ নেবে না। সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকলে এ মুহূর্তে নির্বাচন চান না আওয়ামী লীগ নেতারাও। নির্বাচন কমিশনার রফিকুল ইসলামও এ মুহূর্তে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিপক্ষে মত দিয়েছেন। এর আগে স্থগিত হওয়া ৩৭১টিসহ দেশের সব নির্বাচন আয়োজনের বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করে চিঠি দেয় সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকলে করোনা মহামারিতে নির্বাচন আয়োজন চান না আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফরউল্লাহ। সময়ের আলোকে তিনি বলেন, আমাদের সীমান্তবর্তী জেলাগুলোয় সংক্রমণের হার বাড়ছে। এ সময়ে নির্বাচন করাটা কতটা বাধ্যতামূলক সেটা সরকার বিবেচনা করবে। তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে নির্বাচন নিয়ে ভারতের নেতারা দিন-রাত ছোটাছুটি করেছেন, সভা-সমাবেশ করেছেন। এতে সেখানে ব্যাপক হারে বেড়েছে করোনা সংক্রমণ। তিনি বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকলে এ পরিস্থিতিতে নির্বাচন করা যায় না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি নির্বাচনে যাবে না আমরা আগেই বলে দিয়েছি। এ নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত আমরা একেবারে ধর্তব্যের মধ্যেই নিচ্ছি না। তাই তারা কোন সময় কী সিদ্ধান্ত নিল সেটা আমরা ভাবছি না।
করোনাকালে ইউপি নির্বাচনে স্বাস্থ্যঝুঁকির বিষয়ে বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল আহসান খান বলেন, এ মুহূর্তে করোনা সংক্রমণ ও মৃত্যু আবারও ঊর্ধ্বগতির দিকে। সীমান্তবর্তী জেলাগুলোয় ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়েছে। নির্বাচনে অনেক জনসমাগম হয়। সরকার হয়তো কিছু বাধ্যবাধকতা দেবে। কিন্তু এ পরিস্থিতিতে নির্বাচন আয়োজন সম্ভব কিনা তা ভেবে দেখা উচিত।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদের কাছে নির্বাচন আয়োজনের এ সিদ্ধান্তের তেমন গুরুত্ব নেই। এ সময়ে নির্বাচন আয়োজন বাধ্যতামূলক কিনা এ প্রশ্নে তিনি বলেন, বাধ্যতামূলক, আবার বাধ্যতামূলক না। ইসির এমন সিদ্ধান্তে দেশে মানুষের কোনো আগ্রহ নেই। নির্বাচনের নামে এখন শুধু ‘শো’ হয়।
করোনা সংক্রমণকালে সাংবিধানিক বাধ্যবাধকতা ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠানের পক্ষে নন কমিশনার রফিকুল ইসলাম। এ কারণে বুধবার নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণার বিপক্ষে মত দেন তিনি। তবে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে। ভোটগ্রহণের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতামত নেওয়া হয়েছে কিনা সেই বিষয়েও অবহিত নন বলে জানান তিনি। রফিকুল ইসলাম বলেন, আমার মতামত ছিল, ভোট না করার পক্ষে। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য যে ভোট প্রয়োজন, সেটাতে আমি মত দিয়েছি। অন্যগুলোর ক্ষেত্রে আমি রেফার করলেও প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যরা (অন্য কমিশনাররা) সংখ্যগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন।
করোনাকালে ২০২০ সালে ভোট অনুষ্ঠানের আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ নেওয়া হয়েছিল, এবার কী পরামর্শ নেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে এই কমিশনার জানান, পরামর্শ নেওয়ার বিষয়টি প্রধান নির্বাচন কমিশনার এবং সংসদ সচিবালয় নিয়েছেন বা নেবেন, সেটা জানি না। ব্যক্তিগতভাবে লকডাউনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে আমার সম্মতি ছিল না। যেহেতু সংখ্যাগরিষ্ঠের সম্মতিতে সিদ্ধান্ত হয়েছে। আমার কিছু বলার নেই।
ইউপি ও উপনির্বাচন ২১ জুন : স্থগিত থাকা প্রথম ধাপের ৩৭১টি ইউপি, ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ২১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান। বিজ্ঞপ্তি জারির পর থেকেই প্রার্থীরা নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন। তবে নির্বাচন অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ নেওয়া হয়েছে কিনাÑএ প্রশ্নের জবাব এড়িয়ে যান সচিব হুমায়ুন কবীর। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে প্রচার-প্রচারণা এবং ভোটগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা যাবে। গত ১১ এপ্রিল এসব ভোটগ্রহণের তারিখ নির্ধারণ ছিল। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১ এপ্রিল থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে কমিশন।











































