Home আঞ্চলিক পাটকল বন্ধের ১০ মাসেও টাকা পাননি শ্রমিকরা

পাটকল বন্ধের ১০ মাসেও টাকা পাননি শ্রমিকরা

8

স্টাফ রিপোর্টার

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রায় ১০ মাস পার হলেও ইস্টার্ন জুট মিলের অবসর ও অবসানকৃত ১২৯ জন এবং আলীম জুট মিলের ১২৫ জন শ্রমিক কোনো টাকা পাননি। এ ছাড়া পাটকল দুটির একজন বদলি শ্রমিকও কোনো টাকা পাননি।

এ অবস্থায় বকেয়া টাকা প্রদানসহ ১০ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন পাটকল শ্রমিকরা। বুধবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি পাঠানো হয়।

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে বন্ধ ঘোষিত পাটকলগুলো উন্নত প্রযুক্তির মাধ্যমে আধুনিকায়ন করে দ্রুত চালু, বদলি (অস্থায়ী) শ্রমিকদের এরিয়ারসহ সব বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ, স্থায়ী ও বদলি শ্রমিকদের বকেয়া মজুরিসহ সব পাওনা অবিলম্বে পরিশোধ, শ্রমিকদের মামলা প্রত্যাহার করে তাদের পাওনা পরিশোধ, আলীম জুট মিলের বকেয়া ৬৪ সপ্তাহের বিল ও ১১ মাসের বেতন ও সঞ্চয়পত্র প্রদান, যাদের নামে ভুল রয়েছে তা দ্রুত সংশোধন করে পাওনা পরিশোধ করা।

স্মারকলিপিতে বলা হয়, ২০২০ সালের ১ জুলাই এক ঘোষণায় দেশের ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেওয়া হয়। ওই সময় ঘোষণা করা হয়েছিল দুই মাসের মধ্যে শ্রমিদের সব পাওনা টাকা পরিশোধ করা হবে। কিন্তু প্রায় ১০ মাস পূর্ণ হতে যাচ্ছে, সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। যে কারণে আজ দেশের হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পাওনা টাকা না পেয়ে ঘরে বসে ধুঁকে ধুঁকে মরছে।

স্মারকলিপিতে বলা হয়, স্থায়ী শ্রমিকের পাশাপাশি ইস্টার্ন জুট মিলের এক হাজার ১৬৭ জন বদলি শ্রমিক এবং আলীম জুট মিলের ৮০৫ জন বদলি শ্রমিকের একজনও কোনো টাকা পাননি। এসব সমস্যা সমাধান করে দ্রুত শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি জানানো হয় স্মারকলিপিতে।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশনের খানজাহান আলী থানা কমিটির সভাপতি সরদার আমিরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি মনির আহম্মেদ, দেলোয়ার উদ্দিন দিলু, খলিলুর রহমান, আবদুস সাত্তার মোল্লা, তবিবুর রহমান, মজিবার রহমান, খান মো. বাবুল, মো. কামরুজ্জামান প্রমুখ।