জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, এখানে সাম্প্রদায়িকতার কোন সুযোগ নেই।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গার দর্শনা থানা উদ্বোধনকালে ওই মন্তব্য করেন তিনি। ভারতে চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে ভারতের চলমান পরিস্থিতির কোন প্রভাব পড়বে না। এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
যুব নেত্রী পাপিয়ার গ্রেফতার প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, যারা অপরাধী তাদের সনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।গড ফাদার বা গড মাদার কেউই ছাড় পাবেনা। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড বিষয়ে তিনি বলেন, তদন্ত চলছে। খুব দ্রুতই এর ফলাফল পাওয়া যাবে।
দর্শনা থানা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম প্রমুখ।পরে দর্শনা সরকারি কলেজ মাঠে জঙ্গী, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী।










































