খুলনায় করোনাভাইরাসের টিকার সংকট দেখা দিতে চলেছে। মজুত টিকা দিয়ে দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম চলছে। ইতোমধ্যে প্রথম ডোজের টিকা শেষ হয়ে গেছে।
গত সাত কর্মদিবসে গড়ে প্রতিদিন যে হারে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে, সেভাবে চললে মজুত শেষ হতে আর পাঁচ থেকে ছয় দিন লাগবে বলে সূত্র জানিয়েছে। এরপর কী হবে, তা নিয়ে চিন্তিত স্বাস্থ্য বিভাগ। অন্তত ঈদ পর্যন্ত যেন টিকার কোনো সংকট না হয়, সেজন্য স্বাস্থ্য অধিদফতরের কাছে ২০ হাজার ডোজ টিকা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
গত বুধবার পর্যন্ত খুলনায় টিকা পাওয়ার জন্য নিবন্ধন করেছেন ২ লাখ ১৪ হাজার ৭৫৪ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৫৭ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৪ হাজার ১৩৬ জন আর নারী ৭১ হাজার ৮২১ জন।
গত মার্চ মাসের শেষদিন পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছিলেন ১ লাখ ৬৬ হাজার ৬৭৮ জন। চলতি এপ্রিলের প্রথম দিন থেকে প্রথম ডোজের টিকা দেয়ার সংখ্যা কমতে থাকে। চলতি মাসে মাত্র ৯ হাজার ২৭৯ জন প্রথম ডোজের টিকা পেয়েছেন। আর গত সোমবার থেকে প্রথম ডোজের টিকা দেয়া একেবারে বন্ধ রয়েছে।
খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, খুলনায় গত ৩১ জানুয়ারি প্রথম ধাপে ১ লাখ ৬৮ হাজার ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা আসে। পরে ৭ এপ্রিল খুলনায় দ্বিতীয় দফায় আরও ১ লাখ ২৫ হাজার ডোজ টিকা আসে। প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য আসা টিকা মিলিয়ে এখন প্রায় ২৮ হাজার ৯০০ ডোজ টিকার মজুত রয়েছে। ফলে, প্রায় ৬০ হাজার দ্বিতীয় ডোজ টিকা ঘাটতির জন্য জেলা স্বাস্থ্য বিভাগকে স্বাস্থ্য অধিদফতরের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।
বুধবার (২৮ এপ্রিল) পর্যন্ত খুলনা জেলায় ৮৬ হাজার ৫৩৮ জনের দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে। এরমধ্যে পুরুষ ৫৪ হাজার ৩১৫ জন আর দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৩২ হাজার ২২৩ জন নারী। গত সাত কার্যদিবসে গড়ে প্রতিদিন পাঁচ হাজার ৪১৫ জন দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন।
টিকা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বাংলাদেশে শুরু থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া হয়েছে। ভারতের সেরাম ইনস্টিটিউটে এই টিকার উৎপাদন হয়েছে। টিকার বিষয়ে বাংলাদেশের বেক্সিমকোর সঙ্গে ভারতের সেরাম ইনস্টিটিউটের মধ্যে আগে থেকে একটি চুক্তি হয়েছিল। তবে ভারতের করোনা সংক্রমণ তীব্র আকার ধারণ করায় নিজেদের চাহিদা বিবেচনা করে ভারত আপাতত টিকা রফতানি বন্ধ রেখেছে। চলমান কোভিড-১৯ টিকাদান কর্মসূচি অব্যাহত রাখার জন্য অন্য দেশের টিকা আমদানির বিষয়ে গুরুত্ব দিয়ে ভাবছে সরকার।
টিকার বিষয়ে জানতে চাইলে খুলনার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, ‘টিকা সংকট সারাদেশের। আমরা চাচ্ছি খুলনায় ঈদ পর্যন্ত যেন টিকার কোনো সংকট না হয়। অনুমান করছি ১৫ থেকে ২০ হাজার ডোজ হলে ঈদ পর্যন্ত ঝামেলা হবে না। এজন্য স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালকের কার্যালয়ের মাধ্যমে ২০ হাজার ডোজ টিকা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। ধারণা করছি, সমস্যা হবে না। টিকা এলে কার্যক্রম চলবে, আর না পেলে টিকা দিতে পারব না। বন্ধ থাকবে।’
এদিকে বুধবার খুলনায় নতুন করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ৩৯ জন খুলনা শহরের বাসিন্দা, বাকিরা উপজেলার। শনাক্তের হার ২৫ দশমিক ১৩ শতাংশ। খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের সাধারণ শয্যায় ৫৫ জন এবং আইসিইউতে সাতজন রোগী চিকিৎসাধীন।
-স্টাফ রিপোর্টার











































