যুগ্ম-মহাসচিব মামুনুল হকসহ গ্রেফতার হেফাজতের সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন সংগঠনটির আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।
তিনি বলেন, মাহে রমজানে হেফাজতের নেতাকর্মী ও হক্কানী আলেম ও ছাত্র জনতাকে বেধরক গ্রেফতার করছে। গ্রেফতারের ভয়ে তারা সেহরি ও ইফতারে বাসায় আসতে পারে না। আসলেই গ্রেফতার করা হচ্ছে। এ কেমন জুলুম নির্যাতন। এভাবে একটা দেশ চলতে পারে না।
সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ভিডিও বার্তায় এই দাবি জানান হেফাজত আমীর। হেফাজতের উদ্দেশ্য তুলে ধরে বলেন, কোনো পার্টি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করা হেফাজতের উদ্দেশ্য নয়। হেফাজতের উদ্দেশ্য আল্লাহ ও তার রাসুলের এজেন্ডা বাস্তবায়ন করা।
তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল গুজব রটাচ্ছে- হেফাজত সরকারের বিরোধী বলে। আমি সরকারকে বলবো, আপনারা গুজবে কান দেবেন না। ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে এই ১১ বছরে কেউ প্রমাণ দিতে পারবে না, হেফাজতের সাথে কোনো দলের সম্পর্ক আছে।
হাটহাজারী মাদ্রাসার আশেপাশে কেউ ঘরে থাকতে পারে না জানিয়ে জুনায়েদ বাবুনগরী বলেন, তারা কেউ হেফাজতের আন্দোলন সংগ্রামে ছিলেন না। অথচ তাদেরও হয়রানি করা হচ্ছে।
আজিজুল হক ইসলামাবাদী, জুনায়েদ আল হাবিব ও মামুনুল হকসহ যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি। এদের অনেককেই ২০১৩ সালের মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করেন বাবুনগরী।
হেফাজতের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ধৈর্য ধরুন। কোনো সংঘাতে যাবেন না। হেফাজতে ইসলাম এসবে বিশ্বাস করে না। সংঘাত, জ্বালাও-পোড়াও হেফাজত হারাম মনে করে।
– ঢাকা অফিস











































