করোনার থাবায় বিপর্যস্ত জনজীবন। এরমধ্যেই চলছে সরকারঘোষিত কঠোর বিধি-নিষেধ। এই সময়ে খেটে খাওয়া মানুষ আছেন চরম বিপাকে। বেশিরভাগই হয়ে পড়েছেন কর্মহীন। এমন প্রায় ৩৫ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তার উদ্যোগ নিয়েছে সরকার, যা ঈদুল ফিতরের আগেই পৌঁছে যাবে মোবাইলের মাধ্যমে।
সহায়তার আওতায় প্রত্যেক পরিবার এককালীন দুই হাজার ৫০০ টাকা করে পাবে। ৩৪ লাখ ৯৭ হাজার পরিবারের জন্য বরাদ্দ করা হয়েছে মোট ৯০০ কোটি টাকা।
এর আগে গত বছর এক হাজার ২৫৮ কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করে সরকার। তবে পৌনে ৯০০ কোটি টাকা খরচের পর অনিয়মের অভিযোগে কর্মসূচিটি স্থগিত করা হয়।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ৮ এপ্রিল অর্থ বিভাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের জন্য প্রস্তাবনা পঠিয়েছে। প্রস্তাবনাটি অনুমোদন পেলেই কার্যক্রম শুরু হবে।
করোনা সংক্রমণের প্রথম বছর, গত বছরের ১৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অর্থ বিতরণ কাজের উদ্বোধন করেন। সেইসময় অর্থ সহায়তা দিতে ৫০ লাখ পরিবারের তালিকা তৈরি করা হয়। তবে অনিয়মের অভিযোগ ওঠায় যাচাই-বাছাই করে ৩৪ লাখ ৯৭ হাজার ৩৫৩ জনের চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। সেই তালিকায় থাকা পরিবারই এবারের অর্থ সহায়তা পাবে।
সম্প্রতি অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে বিধি-নিষেধের সময় কর্মহীন হয়ে পড়া মানুষকে ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে অর্থ সহায়তার পরামর্শ দেন অর্থনীতিবিদরা।
-ঢাকা অফিস










































