সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাঁর সিটি স্ক্যান করানো হয়। এরপর রাত সোয়া ১০টার পর তাকে গুলশানের বাসায় ফিরে আনা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, সিটি স্ক্যানের রিপোর্ট পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে- তাঁকে হাসপাতালে ভর্তি করা হবে নাকি বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হবে।
এর আগে রাত ৮টার দিকে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বাড়তি সতর্কতার জন্য বেগম জিয়ার সিটি স্ক্যান করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বিকালে গুলশানে বেগম জিয়ার বাসা ফিরোজায় তাঁর স্বাস্থ্য পরীক্ষা শেষে বেরিয়ে টিমের প্রধান ডা. এফএম সিদ্দিকী জানান, বেগম জিয়ার সবকিছুই ভালো আছে তবে গতকাল তাঁর জ্বর উঠেছিলো। ১০০-এর মতো ছিলো। আজ সকালেও কিছুক্ষণ জ্বর ছিলো।
তিনি বলেন, করোনার জটিলতাগুলো সাধারণত দ্বিতীয় সপ্তাহে হয়। সেজন্য আমরা আরেকটু সতর্ক হতে চাই। প্রয়োজনীয় পরীক্ষাগুলো করা হয়েছে। শুধু ওনার সিটি স্ক্যান করানো হচ্ছিলো না। সেটাও করা হবে।
ডা. এফএম সিদ্দিকী বলেন, ম্যাডামের গত দু’দিনের শারীরিক অবস্থার আমরা রিপোর্ট করিয়েছি। শনিবারে যে রিপোর্ট করিয়েছি, তার সংগে দু’দিন আগের রিপোর্ট ম্যাচ করিয়েছি। তাতে আমরা দেখেছি, তাঁর শারীরিক অবস্থা ভালো আছে। পালস, ব্লাড প্রেসার, সেচুরেশন সব ঠিক আছে। গত তিনদিন আমরা নতুন একটা বিষয় সংযোজন করেছি, ম্যাডাম যখন সেচুরেশন দেখতেন তখন বসা অবস্থায়। আমরা গত তিনদিন বসা অবস্থায় এবং এক্সারসাইজ করিয়ে সেচুরেশন দেখছি। সবকিছু মিলেয়ে যা দেখছি, তাতে তিনি ভালো আছেন। ব্লাডের যে রিপোর্টগুলো দেখছি, তাও ভালো আছে। তবে তাঁর যে বিষয়টা একটু খারাপ তা হচ্ছে, গতকাল তার জ্বর উঠেছিলো। ১০০-এর মতো ছিলো। আজ সকালেও কিছুক্ষণ জ্বর ছিলো।
তিনি আরও জানান, খালেদা জিয়ার মানসিক অবস্থা ভালো আছে। উনি নিজেই বলেছেন যে, উনার করোনা আক্রান্ত হয়েছে সেটা ফিল করছেন না। তার আগে থেকে ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের সমস্যা আছে। সে অনুযায়ী তাকে ইনসুলিন দিয়ে ব্লাড সুগার কন্ট্রোল করছি।











































