করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হলেও সুস্থ ও স্বাভাবিক আছেন তিনি। আপাতত ঘরে থেকেই চিকিৎসা নেবেন। হাসপাতালে কিংবা দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা নেই।
রোববার সন্ধ্যায় খালেদা জিয়ার পরিবারের একজন সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। তারা খালেদা জিয়ার মনোভাবের কথাও জানান। করোনার রেজাল্ট পজিটিভ আসার পরও বিএনপি চেয়ারপারসনের মনোভাব দৃঢ় ও শক্ত আছে।
খালেদা জিয়ার ঘনিষ্ঠ এক আত্মীয় বলেন, উনার তেমন কোনো সমস্যা নেই। উপসর্গও নেই। সুতরাং এটা নিয়ে উদ্বিগ্ন নই আমরা। বাসার কাজের লোকের করোনা শনাক্ত হওয়ায় পরীক্ষা করিয়েছি। নইলে উনার নমুনা টেস্ট করানো হতো না। আর এর জন্য বিশেষ চিকিৎসার প্রয়োজন নেই। বাসা থেকেই আগের মতো চিকিৎসা নেবেন। উনি সুস্থ ও বেশ স্বাভাবিক আছেন।
করোনা পজিটিভ হওয়ার পর রোববার বিকাল ৫টার দিকে খালেদা জিয়ার বাসায় যান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন। তিনি সময়ের আলোকে বলেন, আমরা নিয়মিত খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা করছি। তিনি ভালো আছেন। তার করোনা সংক্রান্ত কোনো সমস্যা নেই। আমাদের সন্দেহ ছিল তাই নমুনা পরীক্ষা করিয়েছি।
জানা যায়, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। চিকিৎসকদের টিমে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। কিন্তু সপরিবারে করোনা আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন। এখন ডা. সিদ্দিকী ও মামুনই দেখভাল করছেন। আর লন্ডন থেকে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ও সমন্বয় করছেন খালেদা জিয়ার বড় পুত্রবধূ ডা. জোবায়দা রহমান। চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি না হওয়া পর্যন্ত নতুন সিদ্ধান্ত নেওয়া হবে না। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের কথা বিবেচনা করে ঘরের বাইরে চিকিৎসা না নিতে একমত খালেদা জিয়া, তার পরিবার ও চিকিৎসক।
খালেদা জিয়ার ফিরোজা বাসায় গিয়ে তাকে নিয়মিত দেখে আসেন তার সেজবোন সেলিমা ইসলাম। কয়েকদিন ধরে তিনিও অসুস্থ। পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন। তাই প্রতিদিন যেতে পারছেন না। তবে তার পুত্রবধূ খালেদা জিয়ার পছন্দসই খাবার রান্না করে নিয়ে যান। সেই সঙ্গে খালেদা জিয়ার ছোটভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতিমাও খালেদা জিয়াকে দেখতে যান।
এদিকে জানা গেছে, করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের বাসার ওই কর্মচারীকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এ ছাড়াও খালেদা জিয়ার সংস্পর্শে আসা পরিবারের কয়েকজন সদস্যের করোনায় আক্রান্ত হওয়ায় খবর পাওয়া গেছে। ওই বাসভবনে থেকে তারা চিকিৎসা নিচ্ছেন। পুরো বাসভবনকে হাসপাতালের মতো করে রাখা হয়েছে। তবে রাজধানীর একটি হাসপাতালের একটি করোনা ইউনিট ঠিক করে রাখা হয়েছে। সূত্র জানায়, রাজধানীর ইউনাইটেড কিংবা ল্যাবএইড হাসপাতাল দুটির যেকোনো একটির সঙ্গে কথা চূড়ান্ত করে রাখা হয়েছে।
দুটি দুর্নীতির মামলায় কারাদণ্ডে দণ্ডিত খালেদা জিয়া ২৫ মাস জেল খাটার পর গত বছরের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান। কয়েকটি শর্তে তিন দফায় তার মুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়। মুক্তির পর থেকে একবারের জন্যও ফিরোজা বাসভবনের বাইরে বের হননি সাবেক এই প্রধানমন্ত্রী। চিকিৎসক ও দলের দুয়েকজন গুরুত্বপূর্ণ নেতা ছাড়া কেউ তার সঙ্গে দেখাও করতে পারেন না। একপ্রকার সঙ্গ নিরোধেই রাখছেন নিজেকে।
করোনার ফলাফল নিয়ে বিতর্ক কেন : ঘটনার সূত্রপাত গত সপ্তাহ থেকেই। খালেদা জিয়ার ফিরোজা বাসার একজন কর্মচারীর প্রথমে জ্বর ও হালকা কাশি শুরু হয়। এরপর বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও তার ভাগ্নে ডা. মামুন ওই কর্মচারীর নমুনা পরীক্ষার ব্যবস্থা করেন। চার দিন পর রেজাল্টে করোনা পজিটিভ আসে। এরপর শনিবার বিকালে খালেদা জিয়ার অন্যান্য শারীরিক পরীক্ষা-নিরীক্ষার সঙ্গে করোনার নমুনাও পরীক্ষা করা হয়। সংগ্রহ করা হয় শনিবার বিকালে। সবুজ নামে একজন মেডিকেল টেকনোলজিস্ট তার নমুনা সংগ্রহ করেন। সবুজ বিএনপিপন্থি মেডিকেল টেকনোলজিস্টদের সংগঠন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (এমটব) সদস্য বলে জানা যায়।
পরে রোববার রাতেই পরীক্ষায় করোনা পজিটিভ আসে খালেদা জিয়ার। যা সকাল পর্যন্ত গোপন ছিল। স্বাস্থ্য অধিদফতর থেকে আসা রেজাল্টের কপি রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসে খালেদা জিয়ার কোভিড পজিটিভ-নেগেটিভ নিয়ে।
খালেদা জিয়ার একজন চিকিৎসক এসব তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, প্রথম থেকেই খালেদা জিয়ার করোনা সংক্রান্ত তথ্য গণমাধ্যম কিংবা কোথাও না জানাতে সর্বোচ্চ হাইকমান্ড থেকে কড়া বার্তা ছিল। এজন্যই চিকিৎসক কিংবা খালেদা জিয়ার পরিবার বিচ্ছিন্নভাবে করোনা পজিটিভের খবরটি নিশ্চিত করতে চায়নি। চিকিৎসকরাও খালেদার স্বাস্থ্যের সবশেষ আপডেট দলের মহাসচিবকে জানিয়ে থাকেন। এর বাইরে কোথাও না জানাতে নির্দেশনা দেওয়া আছে।
পরে বিএনপি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত। রোববার বিকাল সাড়ে ৪টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। রাতে রিপোর্ট পেয়েছি। তার করোনা পজিটিভ। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে ইতোমধ্যে চিকিৎসা শুরু হয়েছে। তিনি ভালো আছেন। তার অবস্থা স্থিতিশীল আছে। তার মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। চিকিৎসকদের সিদ্ধান্ত মতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফখরুল বলেন, খালেদা জিয়া আহ্বান জানিয়েছেন দেশবাসী যেন তার জন্য ও তার মুক্তির জন্য দোয়া করেন। দেশবাসীকে আমরা আহ্বান করব, বিশেষ করে আমাদের দলের নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের কাছে আহ্বান থাকবে, নেত্রীর রোগমুক্তির জন্য পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করবেন।
ফিরোজায় আরও ৮ জনের করোনা : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’র আরও আটজন স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। রোববার বিকালে খালেদার ব্যক্তিগত চিকিৎসক মো. মামুন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমাও রয়েছেন।
বিএনপির চেয়ারপারসনের বাসভবনে তার বোন সেলিমা ইসলামসহ স্বজনদের অনেকেই খালেদা জিয়ার সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন। আক্রান্ত বাকি আটজনের মধ্যে স্বজনদের কেউ আছেন কি না, এ বিষয়ে জানতে চাইলে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আক্রান্ত বাকি আটজনের সবাই ম্যাডামের স্টাফ। স্বজনদের মধ্যে কেউ আক্রান্ত হননি।’
খালেদা জিয়ার করোনায় আক্রান্তের বিষয়টি প্রাথমিকভাবে গোপন রাখার বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক মো. মামুন সাংবাদিকদের বলেছেন, চিকিৎসক হিসেবে রোগীর গোপনীয়তা রক্ষা করা ইমানি দায়িত্ব। তাই তিনি করোনায় আক্রান্তের বিষয়টি গণমাধ্যমের কাছে অস্বীকার করেছিলেন।
– সাব্বির আহমেদ











































