করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৪ এপ্রিল থেকে ‘সর্বাত্মক লকডাউনে’র ঘোষণা দিয়েছে সরকার। ওই দিন থেকেই এক সপ্তাহের সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়। রবিবার (১১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র এতথ্য জানিয়েছে।
এই বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেছেন, সাধারণ ছুটির ঘোষণা আসছে। আপাতত এক সপ্তাহের হলেও পরিস্থিতি বিবেচনায় পরে এটি আরও এক সপ্তাহ বাড়ানোরও চিন্তাভাবনা আছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তুতি নিয়েছে।
পরিপত্রে এসব বিষয় স্পষ্ট করা হবে বলে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা থাকবে আগামীকাল ও পরশু (১২ ও ১৩ এপ্রিল)।
তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে। আর ১৪ এপ্রিল থেকে শুরু হবে সর্বাত্মক লকডাউন।
গত বছর ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা হয়েছিলো। প্রথমে ১০ দিনের ছুটি ঘোষণা করা হলেও পরে কয়েক দফায় বাড়িয়ে ৬৬ দিন সাধারণ ছুটি ছিলো।
-ঢাকা অফিস











































