Home Uncategorized অমর একুশে গ্রন্থমেলায় সাংবাদিক গৌরাঙ্গ নন্দীর পরিবেশ বিষয়ক গ্রন্থ ‘সুন্দরবন উপকূলের কথকতা’

অমর একুশে গ্রন্থমেলায় সাংবাদিক গৌরাঙ্গ নন্দীর পরিবেশ বিষয়ক গ্রন্থ ‘সুন্দরবন উপকূলের কথকতা’

47

স্টাফ রিপোর্টার

পৃথিবীর একক বৃহত্তম বাদাবন- সুন্দরবন-এর বেশীরভাগ আমাদের দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জুড়ে। ঈষৎ নোনাজলের এই ঘন-বনটি জীববৈচিত্র্যের অপার আধার। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বনটি মানুষের কৌতুহলের কেন্দ্রবিন্দু। সুদূর অতীত হতেই মানুষ সম্পদ আহরণ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্যে এই বনে যায়। বলাইবাহুল্য, ভ্রমণের সুযোগ-সুবিধা এখন অনেক বেড়েছে। ভ্রমণকারীদের সংখ্যাও বেড়েছে। আরও আছে সাগরপাড়ের এই বন-সংলগ্ন মানুষের জীবন-জীবিকার নানান সংকট।

নগরভিত্তিক সমাজের বিকাশ ঘটছে দ্রুতলয়ে। পুঁজির বিকাশ ঘটছে। পুঁজির দাপটে অনেক কিছুই দুমড়ে-মুচড়ে যাচ্ছে। সুন্দরবনের গাছ ও পাতা নির্ভর ঘরগুলোর পরিবর্তে ইট ও টিনের ঘর, যাতায়াতের রাস্তা, মুহূর্তে যোগাযোগের জন্যে হাতে রাখা ফোন প্রভৃতি বন-সংলগ্ন সহজ-স্বাভাবিক মানুষগুলোকে বদলে দিচ্ছে। গ্রামীণ জীবনের পাশাপাশি দুনিয়াজুড়েও অনেক বদল হয়েছে। নতুন আপদ হিসেবে দেখা দিয়েছে কার্বন ও কার্বন-আশ্রিত নানান গ্যাস। বাতাসে এই গ্যাসের উপস্থিতি ভয়াবহরকমভাবে বাড়ছে। সুন্দরবনতো কার্বনের বিশাল আধার। এ কারণে এই সুন্দরবনকে নিয়ে ব্যবসা করারও নতুন চিন্তার উদয় হয়েছে বিশ্ব-বাণিজ্যের হোতাদের। কত পরিমাণ কার্বন সুন্দরবন ধরে রাখতে পারে ইতিমধ্যে তার জরিপও হয়েছে। কার্বন ব্যবসায় ভাটা না পরলে হয়তো এতোদিনে সুন্দরবনও কার্বন-বাণিজ্যের অংশিদার হয়ে উঠতো।

এসব বিষয় নিয়েই সাংবাদিক গৌরাঙ্গ নন্দীর বেশ কয়েকটি স্বতন্ত্র লেখা নিয়ে প্রকাশিত হয়েছে -‘সুন্দরবন উপকূলের কথকতা’ নামের গ্রন্থটি। পেশাজীবী সাংবাদিক গৌরাঙ্গ নন্দীর জন্ম, বেড়ে ওঠা ও কর্মক্ষেত্র খুলনা তথা সুন্দরবন উপকূলে। ছোটবেলা হতেই নিজ অঞ্চলের পরিবর্তিত হয়ে যাওয়া পরিবেশগত অবস্থানের মুখোমুখি হয়েছেন; এ নিয়ে তৈরি করেছেন একাধিক প্রতিবেদন, মাঠ-গবেষণা ও অনুসন্ধান। বইটির পাতায় পাতায় আছে তারই প্রতিফলন। বইটি প্রকাশ করেছে বেহুলাবাংলা প্রকাশনী। পাওয়া যাচ্ছে ঢাকার অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ৪৬৯, ৪৭০ ও ৪৭১ নং স্টলে। খুলনা বইমেলার বিজ্ঞান একাডেমী ( ১ নং) স্টলে।

প্রসঙ্গত, সাংবাদিক গৌরাঙ্গ নন্দীর এটি দ্বাদশ গ্রন্থ। উনসত্তরের ২১ ফেব্রুয়ারিতে খুলনায় শহীদ হাদিসুর রহমানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস ‘উনসত্তরের রক্তবীজ’ (২০১৮); জীবণীগ্রন্থ ‘মানবপ্রেমী আচার্য প্রফুল্লচন্দ্র রায়’ (২০১৭) এবং মুক্তিযুদ্ধের তথ্যভিত্তিক গ্রন্থ ‘বৃহত্তর খুলনার মুক্তিযুদ্ধের ইতিহাস’ (২০১৬) পাঠকমহলে বেশ সমাদৃত। এছাড়াও প্রকাশিত অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে : নিবন্ধ – কালের আয়না (২০১৮); মুক্তিযুদ্ধ – দেয়াড়া গণহত্যা (২০১৫); বাদামতলা গণহত্যা (২০১৫); মাঠ-গবেষণা – বিষের জ্বালা (ফসলে সার ও বালাইনাশক ব্যবহারে প্রতিক্রিয়া) (২০১৮); উপকূলে নিরাপদ পানির আকাল (২০১৩); জালের ফাঁদে (২০১১); চিংড়ি ও জন-অর্থনীতি : কার লাভ কার ক্ষতি (২০০৭) এবং মানবাধিকার আন্দোলন : প্রেক্ষিত উপকূলীয় প্লাবনভূমি অঞ্চল (২০০৫)।